‘হ্যালো..’
‘হ্যালো, কে বলছেন?’
‘জ্বি, জেসমিন।’ আকাশ থেকে মাটিতে পড়ে জাহাঙ্গীর। মেয়েটা তাকে কল দিয়েছে! কলেজে যাওয়ার মুহূর্তে অবিশ্বাস্য ব্যাপারটা বুঝতে বড় কষ্ট হচ্ছে তার। কী থেকে কী বলবে কিছুই বুঝতে পারছে না। সময়টা তাকে ভাবিয়ে তোলে। কয়েকটা মেসেজের আলাপনে দু’জনার কথোপকথন শেষ হলো। এটিই যে তাদের শেষ কথা তা আগে কে বুঝেছিল? উল্টো ঘটনা ঘটতে থাকে। কারণটা সেই ফোন । স্তব্ধ নীরব প্রকৃতির মেয়েটার পরিবর্তনের আচরণে তার নিজ পরিবারের ভেতর সমালোচনার ঝড় তোলে। ফোনে ফোনে ফোনকথন আর মেসেজের ছন্দায়িত লেখাগুলো বাবার চোখে আটকে পড়ে আর পরিবারের চোখে লাল রঙা সাংস্কৃতিক চিহ্নের মতো সিগন্যাল হয়ে দাঁড়িয়ে থাকে জেসমিন।
দিন চলে যায় শুধু কথা থাকে। প্রকৃতির আলো এসে দুয়ারে পড়ে। ফাগুনের আমন্ত্রণে কৃষ্ণচূড়ার ডালে কতকগুলো কোকিল এসে জড়ো হয়। জানালার বাইরে রূপের দর্পণ হয়ে তাকিয়ে থাকে পলাশের মুখ। শুধু দাঁড়িয়ে থাকে না সেই মেয়েটি। থেকে থেকে ভদ্র ছেলের মন বড় অভদ্র হয়ে ওঠে। সমাজের গণ্ডি পেরিয়ে তবুও সেই অভদ্রের মুখ বাইরে বের হতে দেয় না জাহাঙ্গীর। প্রথম প্রেমের গল্পটা রাবার দিয়ে হয়ত মুছে ফেলেছে জেসমিন। তাই আর খাতার পাতায় ভালো ছবি আঁকে না। লিখে রাখে না আগামী দিনের কিছু সম্ভাবনার ইতিহাস। অতিথি হয়ে খালার বাড়িতে থাকা জাহাঙ্গীরের দিনগুলো ফুরিয়ে যেতে থাকে একসময়। শুধু অম্লান স্মৃতির ছবিগুলো পাড়ভাঙা যমুনার মতো ভেঙে যেতে দেয় না সে। স্বপ্নের জেসমিনকে ফেলে একদিন আবার সেই যমুনার পাড়ে মায়ের কাছে ফিরে আসে জাহাঙ্গীর।
তখনো চারিদিকে ছড়িয়ে আচে বসন্তের ফুল।