পরদিন বেলা দুইটার সময়, নলিনীবাবু এলাহাবাদ স্টেশনে অবতরণ করিলেন। তাঁহার পরিধানে পায়জামা ও লম্বা পাঞ্জাবি কোট, মস্তকে পাগড়ি। হস্তে একটি বৃহদাকার যষ্টি দেখা যাইতেছিল। জিনিসপত্রের সঙ্গে একটি বন্দুকের বাক্স। ইচ্ছা ছিল ছুটিতে কিঞ্চিৎ শিকারও করিয়া যাইবেন।
স্টেশনে নামিয়া চতুর্দিকে চাহিয়া দেখিলেন—কই, কেহ ত তাঁহাকে লইতে আসে নাই। গত কল্য যাত্ৰা করিবার পূর্বে তিনি যে শ্বশুর মহাশয়ের নামে চারি আনার টেলিগ্রাম একটি পাঠাইয়াছিলেন, তাহা পৌঁছে নাই কি?
কুলি ডাকিয়া জিনিসপত্র লইয়া, নলিনীবাবু স্টেশনের বাহিরে গেলেন। একজন গাড়োয়ানকে জিজ্ঞাসা করিলেন, “মহেন্দ্রবাবু উকিলকা বাসা জানতা?”
গাড়োয়ান উত্তর করিল, “হাঁ বাবু—আইয়ে।”
“চলো”—বলিয়া নলিনী গাড়িতে আরোহণ করিলেন।
এলাহাবাদে নলিনীবাবু পূর্বে কখনও আসেন নাই; এমন কি এই তিনি প্রথম বঙ্গদেশের বাহিরে পদার্পণ করিয়াছেন। পশ্চিমের শহরে নূতন দৃশ্য দেখিতে দেখিতে তিনি চলিলেন।
অর্ধ ঘণ্টা পরে গাড়ি একটি বৃহৎ কম্পাউণ্ডযুক্ত বাড়িতে প্রবেশ করিল। সম্মুখেই বহির্বাটী, বরান্দায় একটি নয় দশ বৎসরের বালিকা খেলা করিতেছিল। বারান্দার নিম্নে, বামে, একটা কূপ; সেখানে বসিয়া একজন পশ্চিমা ভৃত্য সজোরে একটা কটাহ মাজিতেছিল।
গাড়ি হইতে অবতরণ করিয়া, সেই ভৃত্যকে সম্বোধন করিয়া নলিনীবাবু বলিলেন—“এই মহেন্দ্রবাবু উকিলের বাড়ি?”
“হ্যাঁ বাবু।”
“বাবু আছেন?”
“না। তিনি কিদারবাবু উকিলের বাড়ি পাশা খেলতে গিয়েছেন।”
“আচ্ছা—ভিতরে খবর দাও—বল জামাইবাবু এসেছেন।”
এই কথা শুনিবামাত্র, যে মেয়েটি বারান্দায় খেলা করিতেছিল, সে ছুটিয়া বাড়ির মধ্যে গিয়া গগন বিদীর্ণ করিয়া বলিল, “ওগো, তোমাদের জামাইবাবু এসেছেন।”
তৃত্যটির নাম রামশরণ। সে এই কথা শুনিয়া, দন্ত বিকশিত করিয়া বলিল, “আরে! জামাইবাবু?” বলিয়া সে চটপট হাত ধুইয়া ফেলিয়া, নলিনীকে একটি দীর্ঘ সেলাম করিল।
তাহার পর রামশরণ জিনিসপত্র গাড়ি হইতে নামাইয়া ফেলিল। এদিকে বাড়ির ভিতর হইতে নানা আকারের বালকবালিকাগণ আসিয়া উঁকি মারিয়া জামাই দেখিতে লাগিল।
রামশরণ নলিনীবাবুকে বৈঠকখানার ঘরে লইয়া গিয়া বসাইল। বলিল, “বাবু চান করা হোবে কি?”
নলিনী বলিল, “হ্যাঁ—স্নান করব। তুমি গোসলখানায় জল দাও।”
এই সময় একজন বাঙ্গালী ঝি আসিয়া নলিনীকে প্ৰণাম করিয়া বলিল, “ভাল ছিলেন ত?”
“হাঁ ভাল ছিলাম। তোমরা কেমন ছিলে?”
হাসিয়া ঝি বলিল, “যেমন রেখেছেন। আজ ছ’মাস আমি এ বাড়িতে চাকরি করছি, দিদিমণিকে রোজ জিজ্ঞাসা করি,—‘জামাইবাবু কবে আসবেন গো?—দিদিমণি বলেন, এই ছুটি হলেই আসবেন। তা এতদিনে মনে পড়ল সেও ভাল। আপনি চান করে ফেলুন। মা ঠাকরুণ জিজ্ঞাসা করলেন, এখন কি জলটল খাবেন, না ভাত চড়িয়ে দেওয়া হবে?”
নলিনী, মোগলসরাই স্টেশনে, কেলনারের কল্যাণে, প্রাতরাশ সমাধা করিয়া আসিয়াছিলেন; বলিলেন, “এখন ভাত চড়াতে হবে না;—জলটল খাব এখন।”
ঝি বলিল, “আচ্ছা তবে স্নান করে ফেলুন। পরে আপনাকে একটি নতুন জিনিস দেখাব। আমার বখশিসের জন্যে কি গহনা টহনা এনেছেন বের করে রাখুন।” বলিয়া ঝি নলিনীর প্রতি রমণীজন-সুলভ কটাক্ষপাত করিয়া, মৃদু হাস্য করিল।
রামশরণ বলিল, “তুই বখশিস লিবি, হামি বুঝি বখশিস লেব না?”
নলিনী ইহার অর্থ কিছুই বুঝিতে পারিল না, কেবল গভীরভাবে ঘাড়টি নাড়িতে লাগিল।
স্নানান্তে ফিরিয়া আসিয়া নলিনী দেখিল, কতকগুলি বালকবালিকা তাহার বন্দুকের বাক্স খুলিয়া বন্দুকটি বাহির করিয়াছে। সকলে মিলিয়া তাহার ভিন্ন ভিন্ন অংশগুলি জোড়া দিবার চেষ্টা করিতেছে।
তাহাদের হাত হইতে বন্দুকটি লইয়া নলিনী সাবধানে স্থানান্তরে রাখিয়া দিল। এমন সময় পূর্ব কথিত ঝি আসিয়া প্রবেশ করিল। তাহার কোলে একটি অল্পবয়স্ক শিশু। তাহার মুখখানি সদ্য পরিষ্কৃত, চক্ষুযুগল এই মাত্র কজ্জ্বলিত, মাথার চুলগুলি সাবধানে আঁচড়াইয়া দেওয়া।
ঝি শিশুটিকে হাতে করিয়া তুলিয়া নাচাইয়া বলিল, “দেখ জামাইবাবু দেখ, কেমন সোনার চাঁদ হয়েছে। যেন রাজপুত্তুরটি। নাও—একবার কোলে কর।”
নলিনী কখনই ছোট শিশু পছন্দ করিত না। তথাপি ভদ্রতার খাতিরে বলিল, “বাঃ-বেশ ছেলেটি ত!” বলিয়া কোলে লইল।
ঝি বলিল, “বেশ ছেলেটি বললেই হয় না, এখন কি দিয়ে মুখ দেখবে দেখ।”
নলিনী পকেট হইতে দুইটি টাকা বাহির করিয়া শিশুর বদ্ধমুষ্টির মধ্যে প্রবেশ করাইয়া দিল।
কলিকাতার ঝি তদর্শনে গালে হাত দিয়া বলিল, “ওমা ওমা ওকি? নোকে বলবে কি গো! রূপো দিয়ে সোনার চাঁদের মুখ দেখা!”
সমবেত বালকবালিকাগণ খিলখিল করিয়া হাস্য করিয়া উঠিল। অত্যন্ত অপ্ৰতিভ হইয়া, আর কোনও কথা খুঁজিয়া না পাইয়া, নলিনী বলিল, “সোনা ত আনিনি৷” মনে মনে স্বীয় পত্নীর উপরও রাগ হইল। তাহার কি উচিত ছিল না। পত্রে নলিনীকে লেখা যে, অমুকের সন্তান হইয়াছে, তাহার মুখ দেখিবার জন্য একটা গিনি আনিও?
ঝি বলিল, “সে কথা শোনে কে? তা হলে আজই সেকরা ডেকে সোনার গহনার ফরমাস দাও। ছেলের বাপ হলেই হয় না!”
নলিনীর বুদ্ধিসুদ্ধি ইতিপূর্বেই যথেষ্ট গোলমাল হইয়া গিয়াছিল; শেষের এই কথা শুনিয়া সে একেবারে দিশেহারা হইয়া পড়িল৷ ‘ছেলের বাপ হলেই হয় না’ ইহার অর্থ কী? তবে নলিনীই কি ছেলের বাপ নাকি?
শিশুকে ঝির কোলে ফিরাইয়া দিয়া সভয়ে নলিনী জিজ্ঞাসা করিল, “ছেলেটি কবে হল?”
ঝি পুনর্বার গালে হাত দিয়া বলিল, “অবাক কল্লে যে! তোমার ছেলে কবে হল তুমি জান না, পাড়ার লোককে জিজ্ঞাসা করছ?”
যে দুইটি বালকবালিকা উহারই মধ্যে একটু বয়ঃপ্রাপ্ত ছিল, তাহারা ঝির এই ব্যঙ্গোক্তি শুনিয়া হাসিয়া উঠিল। ক্ষুদ্রতর বালকবালিকাগণ তাহাদের দেখাদেখি, উচ্চতর হাস্য করিয়া মেঝেতে লুটোপুটি কৱিতে লাগিল।
সদ্যস্নাত নলিনীর ললাট তখন ঘৰ্মসিক্ত হইয়া উঠিয়াছে। সে, মনের বিস্ময় মনে চাপিয়া রাখিবার প্রাণপণে চেষ্টা করিতেছে। এ গুঢ় রহস্য ভেদ করিবার ক্ষমতা তাহার নাই।
এই সময়ে একটি বালিকা আসিয়া, নলিনীর হাতে একটি গেলাস দিয়া বলিল, “জামাইবাবু! একটু সরবত খাও।”
নলিনী গেলাসে মুখ দিয়া দেখিল, জলটা লবণাক্ত। গেলাস নামাইয়া রাখিল। তখন হঠাৎ তাহার মনে হইল, তাহার প্রতি এই পিতৃত্ব আরোপটাও, জামাই ঠাট্টারই একটা অংশ হইবে। এই মীমাংসায় উপনীত হইয়া, নলিনীর মন একটু শান্ত হইল। তাহার কুঞ্চিত ভ্ৰযুগাল আবার সমতা প্রাপ্ত হইল।
সেই বৈঠকখানার একটা কোণে, একটা কবাট খুলিবার শব্দ হইল। কবাটের সম্মুখস্থিত পদ অপসৃত করিয়া রামশরণ ভৃত্য বলিল, “বাবু আসুন—জলখাওয়া দেওয়া হয়েছে।”
নলিনী চাহিয়া দেখিল, অন্দর মহলের একটি কক্ষ দৃশ্যমান। উঠিয়া সেই কক্ষে প্রবশে করিল। কক্ষের মধ্যস্থলে সুন্দর কার্পেটের আসন পাতা রহিয়াছে। তাহার সম্মুখে রূপার রেকাবি বাটি গেলাসে ভরা নানাবিধ খাদ্য ও পানীয়। নলিনী ধীরে ধীরে আসনখানির উপর উপবেশন করিয়া জলযোগে মন দিল।
এমন সময় কক্ষান্তর হইতে মলের ঝুমঝুম শব্দ উত্থিত হইল। একটি ক্ষুদ্র বালিকা দ্বারপথে মুখ দিয়া বলিল, “মেজদি আসছেন।”
নলিনী বুঝিল, কুঞ্জবালা আসিতেছেন। নিজ দক্ষিণ হস্তের আস্তিন সে ভাল করিয়া গুটাইয়া লইল। কুঞ্জবালা আসিয়া দেখুন, তাহার হাতের কব্জি এখন আর সুগোল নহে, মাংসল নহে, পরন্তু তাহা সুপুষ্ট অস্থি ও শিরায় সমাকীর্ণ।
মলের শব্দ নিকটে হইতে নিকটতর হইতে লাগিল। “কি ভাই এত দিনে মনে পড়ল?”—বলিতে বলিতে যুবতী আসিয়া কক্ষমধ্যস্থলে দণ্ডায়মান হইলেন। কিন্তু তাহা একমুহুর্তের জন্য মাত্র। চারি চক্ষে মিলিত হইতেই, সেই মহিলা একহাত ঘোমটা টানিয়া দ্রুতপদে কক্ষ হইতে নিস্ক্রান্ত হইয়া গেলেন।
নলিনী দেখিল, তিনি কুঞ্জবালা নহেন!
পার্শ্বের কক্ষ হইতে দুই-তিনটি রমণীর উত্তেজিত কণ্ঠস্বর নলিনীর কর্ণে আসিল :
“কি লো, পালিয়ে এলি যে?”
“ওমা, ও যে অন্য লোক৷”
“অন্য লোক কি লো? আমাদের শরৎ নয়?”
“না, শরৎ হবে কেন?”
“কে তবে?”
“আমি জানি?”
“এ কি কাণ্ড? জুয়াচোর নাকি?”
“যে রকম চোয়াড়ে চেহারা, আশ্চর্য নয়।”
“ওমা এ কি কাণ্ড! জামাই সেজে কে এল?”
একজন বালকের কণ্ঠস্বরে শুনা গেল, “একটা বন্দুক নিয়ে এসেছে।”
“অ্যাঁ—ওমা কি সর্বনাশ হল গো! ওরে রামশরণা—রামিশরণা—কোথা গেলি! যা, শীগগির বাবুকে খবর দে।”—রমণীগণের দ্রুত পদধ্বনি শ্রুত হইল। তাহার পর নলিনী আর কিছু শুনিতে পাইল না।
এই সময়ের মধ্যে, অদূরস্থিত একটি পুস্তকের আলমারির প্রতি নলিনীর দৃষ্টি পড়িয়ছিল। সারি সারি বাঁধান ল-রিপোর্ট; প্রত্যেকখানির নিম্নে সোনার জলে নাম লেখা—এম. এন ঘোষ।
তখন সমস্ত ব্যাপার নলিনী দিনের আলোকের মত স্পষ্ট বুঝিতে পারিল। তাহার শ্বশুরের নাম মহেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। ইনি মহেন্দ্ৰনাথ ঘোষ। তবে ভ্ৰমক্রমে সে অন্য লোকের শ্বশুরবাড়িতে চড়াও করিয়াছে।
নলিনী তখন মনে মনে হাস্য করিতে করিতে নিশ্চিন্তমনে একে একে জলখাবারের পাত্রগুলি খালি করিয়া ফেলিল।