এদিকে রামশরণ ভৃত্য ঊর্ধ্বশ্বাসে বাবুকে খবর দিতে ছুটিল। কেদারবাবু উকিলের বাসায়, ছুটির সময়, প্রায়ই পাশা খেলার আড্ডা জমিয়া থাকে। অদ্য এখানে বড় মহেন্দ্রবাবু, ছোট মহেন্দ্রবাবু (নলিনীর আসল শ্বশুর) এবং অন্যান্য অনেকগুলি উকিল সমবেত হইয়াছেন।
পাশা খেলা চলিতেছিল, এমন সময় ঝড়ের মত আসিয়া রামশরণ সেখানে প্রবেশ করিল। নিজ প্রভুকে দেখিয়া বলিল, “বাবু—বাবু—জলদি বাড়ি আসুন—”
তাহার মুখ চক্ষু দেখিয়া ভীত হইয়া মহেন্দ্র ঘোষ বলিলেন, “কেন রে—কারু অসুখ বিসুখ?”
“বাড়িমে একঠো ডাকু এসেছে।”
সকলেই উৎসুক হইয়া উঠিলেন।
মহেন্দ্র ঘোষ বলিলেন, “ডাকু? দিনের বেলায় ডাকু?”
রামশরণ বলিল, “ডাকু হোবে কি জুয়াচোর হবে কি পাগল আদমি হোবে কিছু ঠিকানা নাই। সে বলে কি হামি বাবুর দামাদ আছি।”
ইহা শুনিয়া অন্য সকলে হাস্য করিলেন। কিন্তু মহেন্দ্র ঘোষ উত্তেজিতস্বরে জিজ্ঞাসা করিলেন, “কখন এল? কি করছে?”
“এই তিন বাজে এসেছে। একঠো লাঠি এনেছে, একঠো বন্দুক এনেছে—অন্দরমে গিয়ে জল উল খেয়েছে। মাইজি লোগকে বড়া ডর হয়েছে।
“বন্দুক এনেছে? লাঠি এনেছে?—হতভাগা পাজি শূয়ার—তুই বাড়ি ছেড়ে এলি কার জিন্মায়?” বলিয়া ক্ষিপ্তের মত মহেন্দ্রবাবু বাহির হইলেন। গাড়ি প্ৰস্তৃত ছিল। লম্ফ দিয়া গাড়িতে উঠিয়া হাঁকিলেন, “জোরসে হাঁকাও৷”
কয়েকজন উকিল সঙ্গে সঙ্গে বাহিরে আসিয়াছিলেন। কেহ বলিলেন—“বোধ হয় পাগল হবে।” কেহ বলিলেন—“না, পাগল হলে বন্দুক আনবে কেন? কোনও বদমায়েস গুণ্ডা হবে।” ছোট মহেন্দ্ৰবাবু (নলিনীর শ্বশুর) বলিয়া দিলেন, “পগলাই হোক, গুণ্ডাই হোক, ধরে পুলিসে হ্যাণ্ডোভার করে দিও।”
গাড়ি নক্ষত্ৰবেগে ছুটিল—বাড়িতে পৌঁছিলে, গাড়ি হইতে লাফাইয়া পড়িয়া মহেন্দ্রবাবু বলিলেন, “কই? কোথায়?”
এমন সময় নলিনী কক্ষ হইতে বাহির হইয়া বারান্দায় আসিয়া দাঁড়াইল। গৃহস্বামীকে অভিবাদন করিয়া বলিল, “আপনিই মহেন্দ্রবাবু? আপনার কাছে আমার একটা ক্ষমাপ্রার্থনা করবার আছে।”
নলিনীর ভাবভঙ্গি ও কথাবার্তায় মহেন্দ্রবাবু একটু থতমত খাইয়া গেলেন। বাড়ি পৌঁছিয়াই যেরূপ প্ৰহারের বন্দোবস্ত করিবেন ভাবিয়ছিলেন, তাহাতে বাধা পড়িয়া গেল।
মহেন্দ্রবাবু জিজ্ঞাসা করিলেন, “কে আপনি?”
“আমার নাম নলিনীকান্ত মুখোপাধ্যায়। আমি মহেন্দ্ৰ বন্দ্যোপাধ্যায় মহাশয়ের জামাতা। মহেন্দ্রবাবু উকিলের বাড়ি গাড়োয়ানকে বলেছিলাম, সে আমাকে এখানে এনে ফেলেছে। আমি আমার ভুল এই অল্পক্ষণ মাত্র জানতে পেরেছি। এতক্ষণ চলে যেতাম। আপনাকে আনতে লোক গিয়েছে—আপনার কাছে ক্ষমাপ্রার্থনা করে তবে যাব, এইজন্যে অপেক্ষা করছি।”
এই কথা শুনিয়া মহেন্দ্র ঘোষের রাগ জল হইয়া গেল। তিনি নলিনীর হাত দুখানি নিজ হস্তে ধারণ করিয়া হো-হো শব্দে অনেকক্ষণ হাস্য করিলেন।
শেষে বলিলেন, “মহিনের জামাই তুমি? বেশ বেশ। দেখ, এখানে দু’জন মহেন্দ্ৰবাবু উকিল থাকাতে, মক্কেল নিয়ে মাঝে মাঝে গোলমাল হয় বটে। হয়ত মফস্বল থেকে কোনও উকিল, আমার কাছে এক মোকৰ্দমা পাঠিয়ে দিলে, মক্কেল কাগজপত্র নিয়ে গিয়ে উপস্থিত হল তোমার শ্বশুরবাড়িতে। কিন্তু জামাই নিয়ে গোলমাল এই প্রথম!”—বলিয়া মহেন্দ্ৰ ঘোষ অপরিমিত হাস্য করিতে লাগিলেন।
তাহার পর নলিনীকে লইয়া বৈঠকখানায় বসাইলেন। কিঞ্চিৎ গল্প গুজবের পর, নলিনীর জন্যে একটি ভাড়াটিয়া গাড়ি আসিয়া উপস্থিত হইল। নলিনী তখন বিদায় গ্রহণ করিয়া নিজ শ্বশুরালয় অভিমুখে যাত্ৰা করিল।