বলবান জামাতা

ছয়

প্রভাত কুমার মুখোপাধ্যায়

৪১ বার পঠিত

গোলমাল থামিলে, তাওয়াদার তামাকটা শেষ করিয়া মহেন্দ্রবাবু বাড়ির মধ্যে গেলেন।

তাঁহার গৃহিণী তাঁহাকে দেখিবামাত্র বলিলেন, “মদ খেয়েছ নাকি? জামাইকে তাড়ালে?”

মহেন্দ্রবাবু গভীরস্বরে বলিলেন, “জামাই কাকে বল? সে একটা জুয়াচোর!”

“জুয়াচোর কিসে জানলে?”

তখন মহেন্দ্রবাবু, পাশা খেলিবার কালে কেদারবাবুর বাসায় যাহা যাহা শুনিয়াছিলেন, সবই বলিলেন। শুনিয়া গৃহিণী বলিলেন, “বেশ ত, কিন্তু তাতেই কি প্রমাণ হয়ে গেল যে সে জুয়াচোর? দু’জনেরই এক নাম—বাড়ি ভুল করে সেখানে গিয়ে ওঠাই কি আশ্চর্য নয়?”

স্ত্রীর মুখে এ যুক্তি শুনিয়া মহেন্দ্রবাবু একটু দমিয়া গেলেন। লাঠি ও বন্দুক দেখিয়াই হঠাৎ তিনি বুদ্ধিহারা হইয়া পড়িয়াছিলেন—এ সকল কথার ভালরূপ বিচার করিয়া দেখিবার অবসর পান নাই।

একটু ভাবিয়া মহেন্দ্রবাবু বলিলেন, “সে যদি হত—তাহলে খবর দিয়ে আসত—আমরা স্টেশনে তাকে আনতে যেতাম। কথা নেই, বার্তা নেই, হঠাৎ কখনও জামাই প্রথমবার শ্বশুরবাড়ি এসে উপস্থিত হয়? সে জুয়াচোর—জুয়াচোর।”

“কেন আসবার কথা থাকবে না? আসবার কথা ত রয়েছে। পুজোর আগেই আসবে আমরা ত জানি—তবে ঠিক কবে আসবে তা খবর ছিল না বটে।”

পিতার এই বিপদ দেখিয়া, কুঞ্জবালা বলিলেন, “ওগো সে নলিনী নয়—আমি তাকে দেখেছি।”

মহেন্দ্রবাবু বলিলেন, “তুই দেখিছিস নাকি? বল ত!—বল ত! কোথা থেকে দেখলি?”

“যখন ওই গোলমালটা হল, আমি দোতলায় উঠে জানালা দিয়ে দেখলাম। নলিনী আমাদের ননীর পুতুল। এ ত দেখলাম একটা কাটখোট্টা জোয়ান।”

মহেন্দ্রবাবু অত্যন্ত আশ্বস্ত হইয়া বলিলেন, “ঠিক বলেছিস। আমি ত সে কথা তার মুখের উপরেই বলে দিয়েছি। আমি আমার জামাই চিনিনে? তার কি আমন মিরজাপুরী গুণ্ডার মত চেহারা? তার দিব্যি নধর বাবু-বাবু চেহারাটি। বিয়ের সময় একদিন মাত্র দেখেছি বটে—তা বলে এমনিই কি ভুল হয়?”

এইরূপ কথাবার্তা হইতেছে, এমন সময় একজন ভৃত্য আসিয়া বলিল, “বাবু, টেলিগেরাপ এসেছে।”

টেলিগ্রাম পড়িয়া মহেন্দ্ৰবাবুর মুখ শুকাইয়া গেল। ইহা সেই নলিনীর প্রেরিত গতকল্যকার চারি আনা মূল্যের টেলিগ্রাম।

গৃহিণী বলিলেন, “খবর কী?”

নিতান্ত অপরাধীর মত, মাথা চুলকাইতে চুলকাইতে মহেন্দ্ৰবাবু বলিলেন, “এই ত টেলিগ্রাম এসেছে। সে তবে দেখছি জামাই-ই বটে।”

গৃহিণী বলিলেন, “তবে এখন ফেরাবার কী উপায় হয়?”

“যাই, নিজে গিয়ে দেখি। যাবার সময় গাড়োয়ানকে বলেছিল, ‘স্টেশনে চল’৷ এখন ত কলকাতা যাবার কোনও গাড়ি নেই। বোধ হয় স্টেশনে গিয়ে বসে আছে। যাই, গিয়ে বাপু বাছা বলে ফিরিয়ে আনি৷”

বাড়ির লোকে মনে করিয়াছিল, নলিনী এই ব্যাপার লইয়া শালীশালাজকে ঠাট্টা করিয়া গায়ের ঝাল মিটাইবে। কিন্তু নলিনী ফিরিয়া আসিয়া একদিনের জন্যও সে কথা উত্থাপন করে নাই। যে ভুল হইয়া গিয়াছে তাহার জন্য তাহার শ্বশুরবাড়ির সকলেই লজ্জিত, অনুতপ্ত—তাহাই নলিনীরপক্ষে যথেষ্ট হইয়াছিল। একদিন কেবল অন্য প্রসঙ্গে মহেন্দ্ৰ ঘোষ উকিলের কথা উঠিলে সে বলিয়াছিল—“যা হোক, পরের শ্বশুরবাড়িতে উঠে যে আদর যত্ন পেয়েছিলাম—অনেকে সে রকম নিজের শ্বশুরবাড়িতে পায় না।”