এদিকে কেদারবাবু উকিলের বাড়িতে, সে অপরাহ্নে পাশা খেলা আর ভাল জমিল না। মহেন্দ্ৰ ঘোষ প্রস্থান করিলে, সে সভায় অনেকে অনেক আশ্চর্য জুয়াচুরির গল্প করিলেন। অনেক পাগলের গল্পও হইল। ক্রমে সভাভঙ্গ হইল। উকিলগণ একে একে নিজ আলয়ে ফিরিয়া গেলেন।
মহেন্দ্ৰ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি শাগঞ্জ মহল্লায়। তিনি বাড়ি ফিরিয়া, চা ও তাওয়াদার তামাক হুকুম করিলেন। আপিস কক্ষে ইজিচেয়ারে বসিয়া, চা-পান করিতে লাগিলেন। ভূত্য একটি বৃহদাকার ছিলিম আলবোলায় চড়াইয়া, গুলের আগুনে মৃদু মৃদু পাখার বাতাস করিতে লাগিল।
চা-পান শেষ হইলে, মহেন্দ্রবাবু আলবোলার নলটি মুখে করিয়া আরামে চক্ষু মুদ্রিত করিলেন।
কিয়ৎক্ষণ এইরূপে কাটিলে পর, একটি ভাড়াটিয়া গাড়ি কম্পাউণ্ডের মধ্যে প্রবেশ করিল। উকিলের বাড়ি, কত লোক আসে যায়, মহেন্দ্রবাবু কিছুই ব্যস্ত হইলেন না, কিন্তু চক্ষু উন্মীলন করিয়া রহিলেন।
বাহির হইতে শব্দ শুনিলেন, একটি অপরিচিত কণ্ঠস্বর বলিতেছে, “এই মহেন্দ্ৰবাবুর বাড়ি?”
“হাঁ বাবু!”
“খবর দাও, বল বাবুর জামাই এসেছেন।”
এই ‘জামাই’ শুনিয়াই মহেন্দ্রবাবু কেদারা ছাড়িয়া উঠিয়া পড়িলেন। জানালার পর্দা তুলিয়া দেখিলেন—বৃহৎ যষ্টিহস্তে ষণ্ডামার্কা আকারের একজন লোক দাঁড়াইয়া আছে, গাড়োয়ান গাড়ির ভিতর হইতে একটা বন্দুকের বাক্স বাহির করিতেছে।
দেখিয়াই মহেন্দ্রবাবু হাঁকিলেন, “কোই হ্যায় রে?”—বলিতে বলিতে বাহিরে আসিয়া বারান্দায় দাঁড়াইলেন।
তাঁহার মূর্তি দেখিয়া বেচারা নলিনী একটু থতমত খাইয়া গেল। মহেন্দ্রবাবু দাঁতমুখ খিচাইয়া সপ্তমে বলিলেন, “পাজি বেটা জুয়াচোর—ভাগো হিঁয়াসে। আভি ভাগো! ঘুরে ফিরে শেষে আমার বাড়িতে এসেছ? শ্বশুর পাতাবার আর লোক পেলে না? বেটা বদ্মায়েস গুণ্ডা!”
ইতিমধ্যে অনেকগুলি ভৃত্য দারোয়ান আসিয়া পড়িয়াছিল। মহেন্দ্রবাবু হুকুম দিলেন, “মারকে নিকাল দেও। গর্দান পাকড়কে নিকাল দেও।”
ভৃত্যগণ নলিনীকে আক্রমণ করিবার উপক্ৰম করিল। তাহা দেখিয়া নলিনী তাহার বৃহৎ ষষ্টি মস্তকোপরি ঘূর্ণিত করিয়া বলিল, “খবরদার! হাম চলা যাতা হ্যায়। লেকেন যো হামকে ছুঁয়েগা, উসকা হাড্ডি হাম চুরচুর কর ডালেঙ্গে।”
নলিনীর মূর্তি ও লাঠি দেখিয়া ভৃত্যগণ কিংকর্তব্যবিমূঢ় হইয়া দাঁড়াইয়া রহিল।
নলিনী মহেন্দ্রবাবুকে লক্ষ্য করিয়া বলিল, “আপনি ভুল করছেন। আমি আপনার জামাই নলিনী।”
এ কথা শুনিয়া মহেন্দ্রবাবু অগ্নিশর্ম্মা হইয়া বলিলেন, “বেটা জুয়াচোর! তুমি শ্বশুর চেন আর আমি জামাই চিনিনে? আমার জামাইয়ের এ রকম গুণ্ডার মত চেহারা?—ভাগো হিঁয়াসে—নিকালো হিঁয়াসে—নয়ত আভি পুলিশমে ভেজেঙ্গে—“
নলিনী আর দ্বিরক্তি করিল না। গাড়ির ভিতর প্রবেশ করিয়া গাড়োয়ানকে বলিল, “চলো স্টেশন।”