ভাইরাল

এক

রকিব হাসান

২১ বার পঠিত

দরজা ঠেলে বসের অফিসে উঁকি দিল পুলিশের স্পেশাল ব্রাঞ্চের ডিটেকটিভ তরুণ, সুদর্শন যুবক ইন্সপেক্টর ইউসুফ পাশা। ‘আমায় ডেকেছেন, স্যার?’

ডেস্কে রাখা কাগজের স্তূপ থেকে মুখ তুললেন এসপি তারিক ওসমান। ‘ও, হ্যাঁ, ইউসুফ, এসো।’

ভেতরে ঢুকল পাশা। পেছনে লাগিয়ে দিল দরজাটা।

জুলফির কাছের চুল সাদা হয়ে এসেছে এসপির। চাঁদির চুল পাতলা। মোটা ভুরু নাচিয়ে ইঙ্গিতে চেয়ার দেখালেন, ‘বোসো।’

বসল পাশা।

‘একটু আগে ওমর আলি এসেছিল’, এসপি বললেন। ‘ইন্সপেক্টর, কাস্টমস অ্যান্ড এক্সাইজ। চেনো নিশ্চয়?’

‘চিনি, স্যার। কোনো সমস্যা?’

‘হ্যাঁ, সমস্যাই। চা খাবে?’

‘না, স্যার। খেয়েই বেরিয়েছি।’

হাতের সামনের ফাইলগুলো ঠেলে সরালেন তারিক ওসমান। চেয়ারে হেলান দিলেন। ‘এমন একটা সমস্যায় পড়েছে ওমর আলি, যেটাকে আপাতদৃষ্টিতে সহজ মনে হলেও আসলে সহজ নয়। যাদের কথা বলতে এসেছে, তারা কলকাতার অভিজাত এলাকায় থাকে, বালিগঞ্জে। তাদের একজন একটা সুন্দরী মেয়ে, নাম জয়িতা সুলতানা, কলকাতার একটা নাইট ক্লাবের নর্তকী। স্বাভাবিকভাবেই তার অনেক বন্ধু আছে, তাদের একজনের নাম লিয়াকত হোসেন, মাঝবয়সী ব্যবসায়ী, সোনা আর রত্নপাথরের ব্যবসা করে হাজার কোটি টাকার মালিক হয়েছে। সে নিজে থাকে কলকাতায়, তার এক ভাই আমির হোসেন থাকে ঢাকায়, এখানকার ব্যবসাটা দেখাশোনা করে। বেশ কিছুদিন ধরে ওদের নিয়ে মাথা ঘামাচ্ছে ওমর আলি, ঢাকা তো বটেই, কলকাতায়ও খোঁজ নিয়েছে।’

‘এই লেডি নিশ্চয় বেড়াতে আসেন আমাদের দেশে।’

ভুরু কোঁচকালেন এসপি, ‘তুমি কী করে জানলে?’

‘অনুমান, স্যার।’

‘মেয়েটা বেশ ঘন ঘনই আসে’, জবাব দিলেন এসপি। ‘প্রথমবার এসেই ওমর আলির নজরে পড়ল। কাস্টমসকে জানাল ঢাকায় ছুটি কাটাতে এসেছে। কলকাতার নেতাজি সুবাস চন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে বাংলাদেশ বিমানের একটা প্লেনে চড়ে এসে নামল ঢাকার হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। কলকাতা টু ঢাকা। তার মানে বুঝতেই পারছ ঘটনাটা আন্তর্জাতিক পর্যায়ের। মেয়েটার সঙ্গে ছিল ঢাকার বন্ধুদের জন্য নানা রকম উপহার আর ছোট এক বাক্স রত্নপাথর। কাস্টমস পেরোনোর সময় নিজে থেকেই জিনিসগুলোর কথা জানাল মেয়েটা, আবগারি শুল্ক মিটিয়ে দিল।’

‘বাহ্!’ পাশার চোখে আলোর ঝিলিক।

‘প্রথমবার ঢাকায় এক সপ্তাহ থাকল মেয়েটা। সবচেয়ে দামি হোটেল, সবচেয়ে দামি স্যুইট—আগে থেকেই বুক করা ছিল। দামি একটা গাড়ি দেওয়া হলো তাকে চলাফেরার জন্য। এসব বিলাসিতা দেখে সন্দেহ হলো ওমর আলির—এত টাকা কোথায় পায় সাধারণ একজন ক্যাবারে ড্যান্সার? মাস তিনেক পরে আবার যখন এল মেয়েটা, সঙ্গে দুটো আনকাট ডায়মন্ড নিয়ে, সিরিয়াসলি ভাবতে শুরু করল ওমর আলি।’

‘এই হিরাগুলোর কথাও নিশ্চয় নিজে থেকেই কাস্টমসকে জানিয়েছে জয়িতা?’

‘হ্যাঁ। টুঁ-শব্দ না করে শুল্ক মিটিয়ে দিল। এটাও সন্দেহজনক, কারণ পাথরগুলো এতই ছোট না জানালেও চলত, কাস্টমসকে ফাঁকি দিয়ে হয়তো বেরিয়ে চলে যেতে পারত। এ থেকে বোঝা যায় মেয়েটা অপেশাদার। এরাই অতি সততার ভান করে। কিন্তু পোড় খাওয়া কাস্টমস ইন্সপেক্টর ওমর আলিকে ফাঁকি দিতে পারল না। তার সন্দেহ চরমে উঠল। দ্বিতীয়বার জয়িতা দশ দিন থাকল। আগেরবারের মতোই বিলাসবহুল স্যুইট, দামি গাড়ি, দামি রেস্টুরেন্টে খাবার খাওয়া—মোটকথা ইচ্ছামতো টাকা ওড়ানো। এসব দেখে ওমর আলি বুঝল, তদন্ত শুরু করা দরকার।’

‘এখনো করছে?’

‘চোখকান খোলা রাখছে।’

ধীরে ধীরে হাসি ছড়িয়ে পড়ল পাশার মুখে, ‘তার মানে আবারও ঢাকায় এসেছে জয়িতা?’

‘চলেও গেছে।’

‘তাহলে আর আমাকে কী দরকার?’

‘দরকার আছে বলেই ডেকেছি’, অধৈর্য ভঙ্গিতে বললেন এসপি। ‘সুন্দর মুখের ভুবনভোলানো মিষ্টি হাসি ছড়িয়ে কাস্টমস অফিসারকে কুপোকাত করে নির্ধারিত শুল্ক মিটিয়ে দিয়েছে মেয়েটা। তবে ওমর আলি হাসি দেখে পটেনি। মেয়েটার স্যুটকেস তল্লাশি করে কিছুই পায়নি। তল্লাশির সময় চটেনি বরং সহযোগিতা করেছে জয়িতা। তার স্যুটকেসের যা হাল করেছে কাস্টমস, অন্য কেউ হলে রাগে লাফাত। অথচ মেয়েটার হাসিটাও নাকি মলিন হয়নি। মহা হতাশ হলো ওমর আলি। সে বুঝতে পারছে, মেয়েটা তাকে ধাপ্পা দিচ্ছে, কিন্তু কীভাবে, ধরতে পারছে না। রাগের চোটে শেষে ওর দেহ তল্লাশিও করিয়ে ছেড়েছে। আর যারা করেছে, তারা এ কাজে বিশেষজ্ঞ।’ একটু থেমে এসপি বললেন, ‘যা-ই হোক, আমারও প্রশ্ন, একজন সাধারণ নর্তকী হয়ে এত টাকা কোথায় পায় মেয়েটা?’

‘হয়তো তার রত্ন ব্যবসায়ী কোটিপতি বন্ধু দেয়।’

‘দিতে পারে। প্রেমে পড়লে বয়ফ্রেন্ডরা গার্লফ্রেন্ডদের জন্য কত কিছুই করে!’

‘সরি, স্যার। আমার আর গার্লফ্রেন্ড নেই, তাই কী কী করে আমি বলতে পারব না।’

মুচকি হাসলেন এসপি। ‘বিয়ে করো না কেন?’

‘করলেই কী? বউ তো আর গার্লফ্রেন্ড নয়, স্যার।’

‘নাহ্, তোমার সঙ্গে কথায় পারা যায় না। ওপরওয়ালাকে কীভাবে সমীহ করে কথা বলতে হয়, তা-ও জানো না।’ হঠাৎ ধমকে উঠলেন, ‘কিন্তু ঢাকায় কেন?’

‘মানে, স্যার?’

‘সহজ কথাই তো বললাম। যানজট, রাস্তা কাটা, গিজগিজে মানুষ বেড়ানোর জন্য পৃথিবীতে কি জায়গার এতই অভাব পড়ে গেল?’

একটু দ্বিধা করে পাশা বলল, ‘ঢাকায় থাকতে আমার কিন্তু খারাপ লাগে না, স্যার।’

দীর্ঘ একটা মুহূর্ত স্থির দৃষ্টিতে তাকিয়ে রইলেন এসপি।

আমতা আমতা করে পাশা বলল, ‘তা, আমাকে কী করতে হবে, স্যার?’

‘মেয়েটাকে অনুসরণ করতে হবে।’

‘চলে গেছে, বললেন না?’

‘ওমর আলি খবর পেয়েছে, আবার আসবে। আগামী শনিবারের অগ্রিম টিকিট কেটেছে বাংলাদেশ বিমানে। তাতে এক সপ্তাহ সময় পাচ্ছ তুমি।’

‘আপনি বলতে চাইছেন, আমি কলকাতা যাই, মেয়েটার ওপর নজর রাখি, তারপর একসঙ্গে বিমানে উঠি?’

‘এই তো বুঝেছ’, হারিয়ে যাওয়া হাসিটা ফিরে এল তারিক ওসমানের। ‘তোমাকে জানতে হবে, স্মাগলিংটা সে কীভাবে করে, কার সাহায্যে।’

অন্যমনস্ক ভঙ্গিতে পুরু কাচে ঢাকা টেবিলে কয়েকবার মৃদু টোকা দিল পাশা, ‘এটা তো আমাদের কাজ নয়, স্যার...’

‘ধরা যাক, অনুরোধের ঢেঁকিই গিললে’, বাধা দিয়ে বললেন এসপি। ‘আজ রাতের ফ্লাইটেই কলকাতা যাচ্ছ তুমি। ওখানে ওমর আলির থাকবে, সব রকম সহযোগিতা পাবে। বিমানে তোমার সিটটা যাতে সাত নম্বর সিটের খুব কাছাকাছি হয়, সে ব্যবস্থাও করা হবে।’

‘সাত নম্বর কেন, স্যার?’

‘এটাই জয়িতার পছন্দের সিট। সাত নম্বর ছাড়া অন্য কোনো সিটে সে বসে না। সিট না পেলে যত দিন দরকার, অপেক্ষা করে।’

‘কেন?’

‘হয়তো কুসংস্কার। ভাবে, সাত নম্বরটা তার জন্য শুভ।’