ধনেপাতা

এক

প্রমথনাথ বিশী

৫৩ বার পঠিত

প্ৰায় হাজার বছর আগেকার কথা বলিতেছি। কাশ্মীরের অন্তর্গত শ্ৰীনগর সহরের চকে প্ৰাতঃকালে প্ৰত্যহিক বাজার বসিয়াছে। বড় বড় দোকানগুলি সব রাজপুতদের, মাড়োয়ারীদের, কতক কচ্ছিও আছে; ছোটখাটো দোকানগুলি স্থানীয় লোকদের। চকের চার দিকে দোকানঘর; মাঝখানে ফাঁক, সেখানে দুই দুই সারিতে তরি-তরকারি, ফল-মূল, শাকসব্জির দোকান, এমন অনেকগুলি সারি, মাঝখানে লোক চলাচলের পথ। আর পাহাড়ীরা পাহাড় হ’তে জ্বালানি কাঠ, চাকের মধু, মোম প্রভৃতি আনিয়াছে, বাজারের খাজনা এড়াইবার উদ্দেশ্যে তাহারা একেবারে চকের প্রান্তে বসিয়াছে—সীমানার ঠিক বাহিরেই৷

খুব ভোরে বাজার বসে, ভোর হইতেই খরিদার জমিতে থাকে। লোক আসে, কেনে, চলিয়া যায়; আবার লোক আসে, কেনে, চলিয়া যায়—এমনি ভাবে চলিতে থাকে।

আজকের দিনেও বাজারের যেমন দৃশ্য, যেমন হাঁক-ডাক, যেমন জন-জনতা, হাজার বছর আগেও তেমনি ছিল কল্পনা করিয়া লইলে ভুল হইবে না। আমরা যে দিনের কথা বলিতেছি, সেদিন বাজার প্রায় ভাঙে ভাঙে অবস্থা। এমন সময়ে একজন সাব্জিওয়ালা পার্শ্ববতীকে সভয়ে বলিয়া উঠিল—ভাই দেখো, দেখো৷

পার্শ্ববতী সে দিকে তাকাইয়া বলিল—তাই তো, ঠক্কুররা আসছে, এইবার ঝগড়া সুরু হ’ল।

তখন দোকানীরা তাড়াতাড়ি দোকানের দরজা বন্ধ করিতে সুরু করিল, যাহারা বাহিরে বসিয়াছে, তাহারা অবিক্রীত জিনিষগুলি এদিকে ওদিকে সরাইয়া রাখিতে লাগিল, ভুক্তভোগী দু-একজন বিক্রয়ের আশা ছাড়িয়া দিয়া পসরা মাথায় তুলিয়া স্থানত্যাগে উদ্যত হইল৷ সমস্ত বাজারময় একটা ‘রাখ-রাখ,’ ‘ঢাক-ঢাক’ ভাব৷

একজন বলবান লোক বলিল—আর ভাই সেদিন এক পোড়ো ঠাক্কুর আমার পাঁঠার বাচ্চাটা এমনি নিয়ে যায় আর কি৷ আমি চাইলাম ছ’টা পয়সা, দুটো পয়সার বেশী দিলে না৷

—দু’ঘা দিয়ে দিলে না কেন?

—ইচ্ছে তো করছিলো, কিন্তু ওদের যে শরীর, ভয় হ’ল, মটক’রে ভেঙে যাবে!

—যা বলেছ, এদিকে শরীর তো ঐ, কিন্তু সাজের বাহার দেখে মনে হয় রাজপুত্তুর।

—বলে তো তাই! ওরা সবাই নাকি রাজার ছেলে।

—গৌড়ে এত রাজা?

—তা’ হলেই বুঝতে পারছো, সে দেশের অবস্থা কেমন? আমরা একটা রাজার ভার সইতে পারি না।

—রাজপুত্তুর, তাতে আর সন্দেহ কি? পড়বার নাম ক’রে এখানে এসে দিন নাই, রাত নাই, পাহাড়ী মেয়েগুলোর সঙ্গে নাগরপন করা!

—ওদের দেশে কি মেয়ে নেই?

—আরে ভাই, ঐ যে কথায় বলে—‘ঘরকা মুরগী ডাল বরাবর৷’ ওদের মুখে কাশ্মীরী নাশপাতি গৌড়ী আমের চেয়ে অনেক মধুর।

এইরূপ কথাবার্ত্তা চলিতেছে, ইতিমধ্যে গৌড়ীয় ঠক্কুরগণ সব্জিওয়ালাদের কাছে আসিয়া পড়িল।

—সংখ্যায় ইহারা আট-দশ জন হইবে৷

“এই সকল বিদ্যার্থীদের মুখে পান, পরনে ধুতি, গায়ে উত্তরীয়, বাবরী চুল স্কন্ধে লিম্বিত, হাতে ছত্ৰ, নখ লাল রঙে রঞ্জিত; ইহারা ধীরে ধীরে পথ চলে, থাকিয়া থাকিয়া দৰ্পিত মাথাটি এদিক-ওদিক দোলায়; হাঁটিবার সময়ে ইহাদের ময়ুরপঙ্খী জুতার মচ-মচ শব্দ হয়, মাঝে মাঝে নিজেদের সুবেশ-সুবিন্যন্ত চেহারাটার দিকে তাকাইয়া দেখে; আর কটিতে ইহাদের লাল কটিবন্ধ।”

কয়েকজন ভিক্ষুক ইহাদের পিছনে লাগিয়া গিয়াছে। কোন ভিক্ষুক বলিতেছে “সোনার চাঁদ," কোন ভিক্ষুক বলিতেছে “গৌড়ের রাজা” কোন ভিক্ষুক বা “পঞ্চ গৌড়েশ্বর” বলিতেছে।

অভিধাগুলি বিদ্যার্থীদের ভালই লাগিতেছে মনে হয়; মাঝে মাঝে দু’একজন মুখ ফিরাইয়া দেখিতেছে, কোনো অভিধা নিজের প্রতি কথিত হইয়াছে মনে করিলে ভিক্ষুককে একটি কড়ি ফেলিয়া দিতেছে।

এক ঠক্কুর অপর জনকে বলিল—নরেন্দ্ৰ, তুমি উহাকে কড়ি দিলে কেন? ও ব্যক্তি “পঞ্চ গৌড়েশ্বর” আমাকে বলিয়াছে।

নরেন্দ্ৰ বলিল—ধীরেন্দ্ৰ, এ কেমন তোমার আচরণ, ঐ ব্যক্তি আজি দুই বৎসর আমাকে পঞ্চ গৌড়েশ্বর বলিতেছে।

—বুঝিলে কি প্রকারে?

—আমি যে উহাকে চিনি, লোকটা অন্ধ—

—তাই বলে, অন্ধ বলিয়াই বলিয়াছে। নতুবা—

তখন দীনেন্দ্ৰ বলিল—তোমরা প্ৰকাশ্য বাজারে এরূপ ব্যবহার করিও না, মনে রাখিও, একমাত্ৰ গৌড়বাসিগণই “কৃষ্টিসম্পন্ন”—অন্য কোন দেশের লোকের কৃষ্টি নাই। তাহারা এতদবস্থায় গৌড়বাসীকে দেখিলে কি ভাবিবে?

তখন নরেন্দ্র ও ধীরেন্দ্ৰ একযোগে বলিল—যথাৰ্থ বলিয়াছ! কৃষ্টি রক্ষার্থ আমরা, গৌড়বাসীরা সকল প্রকার সংযম করিতেই পারি, এমন কি, রসনা সংযমও অসম্ভব নহে!

দীনেন্দ্ৰ বলিল—তা ছাড়া বাজার করাও আবশ্যক। সেটাও তুচ্ছ নয়।

—নিশ্চয় নয়, কৃষ্টির সঙ্গে যখন কাঁকুড়ও যুক্ত হয়, তখন তাহার প্রভাব অনস্বীকার্য!

—শুধু কাঁকুড়ই বা কেন? কৃষ্টির সঙ্গে কয়লা।

—কৃষ্টির সঙ্গে কদলী।

—কৃষ্টির সঙ্গে কাঁকরোল।

—কৃষ্টির সঙ্গে কয়েৎবেল।

—কৃষ্টির সঙ্গে কচু।

দীনেন্দ্ৰ বলিল—তোমরা কি মুখে মুখেই বাজার শেষ করিবে? সকলে হো-হো করিয়া হাসিয়া উঠিল, বাতাসে বেতের লতাসকল যেমন একযোগে দুলিতে থাকে, তেমনি নিজেদের রসিকতার বেগে তাঁহাদের তনু দেহ তালে তালে এদিক-ওদিক আন্দোলিত হইতে লাগিল। 

একজন সব্জিওয়ালা মৃদুস্বরে বলিল—দেখো ঠক্কুর, ভেঙে না যায়।

আর একজন বলিল—দেহটা গেলে সাধের সাজ-পোষাকগুলোর কি হবে?

একজন ভিক্ষুক বলিয়া উঠিল—“মেনকা বাঈ” “মেনকা বাঈ।” 

নিজেকে মেনকা বাঈ বলিয়াছে ভাবিয়া প্ৰত্যেক ঠক্কুর ভিক্ষুকের উদ্দেশ্যে একটা করিয়া কড়ি ছুড়িয়া দিল। মেনকা বাঈ শ্ৰীনগরের প্রসিদ্ধ নর্তকী।

এবারে সকলের হুস হইল। নরেন্দ্ৰ বলিল—ভাই, বাজার যে ভেঙে গেল!

—যাবে না? যত সব পাহাড়ী ভূত ভোর না হতেই এসে হাজির হয়। আমরা তো এক প্ৰহরের আগে শয্যাত্যাগই করতে পারি না।

—আর করবোই বা কেন? যারা উড়ে, মেড়ো, ছাতু, তারাই ভোরে ওঠে। কৃষ্টিমানদের একটু বিলম্ব হবেই!

—তা তো হবেই, কিন্তু বাজারে যে কিছুই নাই দেখিতেছি।

ইতিমধ্যে তাহারা এ-দোকান ও-দোকান দেখিতে আরম্ভ করিয়াছে। দোকানীরা গৌড়ীয়দের ব্যবহারের সঙ্গে পরিচিত, বলিতেছে—ওটা বিক্রয় হইয়া গিয়াছে।

—ওটা অমুকে কিনিয়া রাখিয়া গিয়াছে।

—ওটা পচা৷

এমন সময়ে নরেন্দ্ৰ সকলকে তারস্বরে ডাকিল, ও ভাই এদিকে এস, এদিকে এস।

—কি ব্যাপার?

একদল ফড়িঙের ন্যায় ঠক্কুরগণ সে দিকে ছুটিল, কাছে গিয়া দেখিল, কৃষ্টিমান নরেন্দ্র সেই প্রকাশ্য বাজারে, সহস্র দৃষ্টির সম্মুখে মেনকা বাঈয়ের নৃত্যকে পরাজিত করিয়া নাচিতেছে—তাহার হাতে এক আঁটি শাক—

—ধইন্যা পাতা, ধইন্যা পাতা৷

সকলে নৃত্যের কারণ বুঝিল, আরও বুঝিল, ইহার চেয়ে নৃত্যের যোগ্যতর কারণ হইতেই পারে না, কাজেই তাহারাও নৃত্যপর নরেন্দ্রকে ঘিরিয়া নাচিতে লাগিল, সকলেরই মুখে “ধইন্যা পাতা, ধইন্যা পাতা।”

বাজারের লোকে অবাক। ঠক্কুরদের এমন বিহ্বল অবস্থা তাহারা আগে দেখে নাই। কিন্তু সর্বজ্ঞ হইলে তাহারা বুঝিতে পারিত, যে-কারণে কলম্বাস অকুল সমুদ্রে ভগ্ন বৃক্ষশাখা দেখিয়া উল্লসিত হইয়াছিল, ইহাদের উল্লাসের কারণও তাহা হইতে ভিন্ন নয়। গৌড়বাসীর একটি শ্রেষ্ঠ সুখাদ্য ধনেপাতা। বিদেশে বহুকাল পরে অকস্মাৎ সেই ধনেপাতা আবিষ্কার করিয়া তাহারা যেন স্বদেশকেই আবিষ্কার করিয়া ফেলিয়াছে। এমন অবস্থায় আত্মবিস্মরণ সম্ভব এবং তাহা মার্জনীয়৷

বিহবল অবস্থা কাটিলে নরেন্দ্ৰ দোকানীকে শুধাইল—ক’ত দাম?

বেচারা দোকানী ঠক্কুরদের উল্লাস দেখিয়া দাম চড়াইয়া দিল, বলিল—চার কড়ি।

—চার কড়ি!

—সোনার চাঁদ আর কি?

—অর্ধেক রাজত্ব।

—তার সঙ্গে রাজকন্যা।

—কিছু না দিলেই ওর যথার্থ দণ্ড হয়!

—ঠিক, ঠিক, ওকে কিছু দেওয়া নয়—বলিয়া সকলে গৃহাভিমুখে ছুটিল, পিছু পিছু আর সকলেও ছুটিল; তাহদের মুখে “ধইন্যা পাতা” “ধইন্যা পাতা” ধ্বনি; তাহাদের উত্তরীয়, বাবরী, কোঁচা বাতাসে লটপট করিয়া উড়িতে লাগিল, ময়ুরপঙ্খী জুতা আর্তনাদ তুলিল—সবশুদ্ধ মিলিয়া সে এক বিচিত্র দৃশ্য।

কাশ্মীর হইতে কুমারিকা, প্ৰভাস হইতে প্ৰাগজ্যোতিষ পর্যন্ত সমস্ত দেশের লোক রুদ্ধবাক অবস্থায় গৌড়ীয় ঠক্কুরগণের দিকে তাকাইয়া রহিল, অনেকক্ষণ পৰ্যন্ত তাহাদের কথা সরিল না।

অবশেষে একজন শুধাইল—ক্যাও এ লোক বাওরা হয়!

অপারে বলিল—নেহি নেহি, গৌড়মে সব লোগোকোঁ এহি হাল হ্যায়!

পূর্বোক্ত ব্যক্তি বলিল—অচ্ছা দেশ। বাপ রে! বাপ!

দ্বিতীয় ব্যক্তি বলিল—সীয়ারাম। সীয়ারাম।

সব্জিওয়ালা বুক চাপড়াইতে চাপড়াইতে নাগানন্দের চতুষ্পাঠীর দিকে ছুটিল৷