ধনেপাতা

দুই

প্রমথনাথ বিশী

৫৪ বার পঠিত

প্ৰবাসী গৌড়ীয় ছাত্রাবাসের আবাসিকগণ ইতোমধ্যেই দুইটি দলে বিভক্ত হইয়া পড়িয়া তর্ক বিতর্ক, তর্জন গর্জন করিতে করিতে হঠাৎ একজন আর একজনের পেটে খাগের কলমাকাটা চাকু বসাইয়া দিয়াছে।

চাকু মারিয়াছে নরেন্দ্ৰ, চাকু খাইয়াছে ধীরেন্দ্র।

এই ঘটনার পরে কিংকৰ্তব্যবিমূঢ় অবস্থায় আবাসিকগণ কেবলই কোলাহল করিতেছে, পাড়ার লোকে বিচলিত হইবার ভাব দেখায় নাই; কারণ, তাহারা জানে, গৌড়ীয় ছাত্রাবাসে আজ ধনেপাতার শাক আসিয়াছে, আজ অনেক কিছুই ঘটিতে পারে।

নরেন্দ্র ও ধীরেন্দ্ৰ সহপাঠী, সহদেশ, এমন কি, তাহাদের সহগ্ৰামী বলিলেও অত্যুক্তি হয় না, এমন ক্ষেত্রে একজন কেন অপরের পেটে ছুরি মারিল, জানিবার ঔৎসুক্য হওয়াই স্বাভাবিক।

ধনেপাতা লইয়া ছাত্রাবাসে ফিরিলে একটি গুরুতর সমস্যা দেখা দিল, ধনেপাতা কি অবস্থায় খাওয়া হইবে, কাঁচা না তরকারির সহিত রাঁধিয়া?

নরেন্দ্ৰ বলিল—আমরা চিরকাল কাঁচা খাইতেছি। 

ধীরেন্দ্ৰ বলিল—আমার ঠাকুরমা সর্বদা রাঁধিয়া খাইবার পক্ষে।

—তোমার ঠাকুরমা মূর্খ৷

—কাঁচা খাওয়াই তোমাদের স্বভাব, তোমরা গরু।

তখন ঠাকুরমার প্রকৃতি ও অপর পক্ষের স্বভাব লইয়া যে সব বিশেষণ নিক্ষিপ্ত হইতে লাগিল, তাহা কেবল গৌড়ীয়গণের মধ্যেই সম্ভব।

ক্ৰমে সমস্ত ছাত্রই এক এক পক্ষভুক্ত হইয়া গেল এবং উত্তেজনা এমন তীব্ৰতা পাইল যে, ক্ষণকালের জন্য ধনেশাকের প্রসঙ্গও বিস্মৃত হইল। 

তখন দীনেন্দ্ৰ বলিল—ভাই সব, মনে রাখিও, আমরা গৌড়ীয় ছাত্র, সাধারণ উড়ে বা মেড়ো বা ছাতু নই; কাজেই ঝগড়ায় কাজ নাই, ধনেশাক দুই রকমেই প্ৰস্তুত হোক, যাহার যেমন অভিরুচি খাইবে।

নরেন্দ্ৰ বলিল—এমন হইতেই পারে না, তাহাতে ধনেশাকের অপমান।

ধীরেন্দ্ৰ বলিল—তাহাতে আমার ঠাকুরমার অসন্মান।

আবার কলহ তীব্ৰ হইয়া উঠিল এবং উপায়ান্তর না দেখিয়া নরেন্দ্ৰ ধীরেন্দ্রর পেটে ছুরিকাযুক্তি প্রয়োগ করিল।

এই হঠকারিতায় কেহ অপ্রস্তুত হইয়াচে মনে হইল না, এমন কি ধীরেন্দ্রের ভাবখানাও বিশেষ অসন্তোষজনক নয়, সে যেন মৌন সম্মতির দ্বারা বলিল—গৌড়ীয়দের মধ্যে এমন হইয়াই থাকে।

কিন্তু সমস্যার তো মীমাংসা হইল না। তখন দীনেন্দ্ৰ বলিল—বৃথা কলহে প্রয়োজন কি। এসো, আমরা বৃদ্ধাঙ্গুষ্ঠ প্রদর্শনের দ্বারা সিদ্ধান্ত করি।

তাহার প্রস্তাবে সকলে সন্মত হইল।

গৌড়দেশে একটি চমৎকার প্রথার প্রচলন আছে। কোন গুরুতর সমস্যার অন্য উপায়ে মীমাংসা না হইলে, সমস্যায় স্বপক্ষে ও বিপক্ষে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখাইবার রীতি বর্তমান। যে পক্ষে বুদ্ধাঙ্গুষ্ঠের সংখ্যা অধিক হয়, সেই পক্ষেরই জিত হইয়া থাকে৷

কিন্তু বর্তমান ক্ষেত্রে তাহাতেও মীমাংসা হইল না, যেহেতু কাঁচা শাক ও রাঁধা শাকের পক্ষে বৃদ্ধাঙ্গুষ্ঠের সংখ্যা সমান সমান হইল। গৌড়ীয় ছাত্ৰগণ সকলেই মাথায় হাত দিয়া বসিয়া পড়িল—এখন উপায়!

দীনেন্দ্র আবার নূতন প্ৰস্তাব করিল, সে বলিল—ভাই, কাঁচাও থাক, রাঁধাও থাক, এসো—আজি আমরা নাসাভোজন করি, ব্যাখ্যা করিয়া বলিল—আজ ধনে শাকের গন্ধ শুকিয়াই ক্ষান্ত হই।

তাহার প্রত্যুৎপন্নমতিত্বে গৌড়ীয়গণ ক্ষণকাল নিন্তব্ধ থাকিয়াই এমন এক বিকট জয়োল্লাস করিল যে, পার্শ্ববর্তী অন্যান্য ছাত্রাবাসের ছাত্ৰগণ জানালা দিয়া মুখ বাহির করিয়া জিজ্ঞাসা করিল—ক্যা হুয়া?

গৌড়ীয় ছাত্ৰগণ বলিল—আরো শিয়ালকা মাফিক ‘হুয়ো হুয়ো” মৎ করো।

গৌড়ীয় ছাত্ৰগণ অন্যান্য দেশের লোকের প্রতি সৌজন্য প্ৰদৰ্শন দুর্বলতা বলিয়া মনে করে। বিশেষ তাহাদের ধারণা এই যে, যাহারা গৌড়ীয় ভাষা ছাড়া অন্য ভাষায় কথা বলিয়া থাকে, তাহাদের প্রতি মনুষ্যোচিত ব্যবহার না করাই প্ৰকৃত মনুষ্যত্বের লক্ষণ।

শেষ পর্যন্ত নাসাভোজন কারই স্থির হইল৷ মাঝখানে ধনেশাকের আঁটি ঝুলাইয়া রাখিয়া সকলে যথেচ্ছ শুঁকিয়া সন্তুষ্ট হইল এবং সে দিনের মতো ধনে শাকের প্রসঙ্গ ঐখানেই মিটিয়া গেল।