ধনেপাতা

তিন

প্রমথনাথ বিশী

৫৫ বার পঠিত

শ্ৰীনগরে অবস্থিত নাগানন্দ স্বামীর চতুষ্পাঠী একটি ভারতবিখ্যাত প্ৰতিষ্ঠান। এখানে ভারতের সকল অঞ্চল হইতে বিদ্যার্থী আসিয়া থাকে, গৌড় হইতেও আসে। গৌড়ীয় বিদ্যার্থীরা অধ্যয়নে যেমন পশ্চাৎপদ, নিজেদের ও অন্য দেশের ছাত্রের সঙ্গে কলহে ও দুর্ব্যবহারে তেমনি তাহারা অগ্ৰণী। অন্য অঞ্চলের ছাত্ররা পরস্পরের ভাষা শেখে, গৌড়ীয়গণ অন্য কোন অঞ্চলের ভাষা শিখিবে না, অন্য কাহারও সঙ্গে মিশিবে না, নিজেদের মধ্যে জটিল করে, নিজেদের ছাত্রাবাসের নাম দিয়াছে ‘প্রবাসী গৌড়ীয় ছাত্রাবাস,’ অন্য অঞ্চলের ছাত্রগণ শুধু অঞ্চলটির নামটি উল্লেখ করাই যথেষ্ট বোধ করে, এক কথায়, শ্ৰীনগর সহরে তাহারা ক্ষুদ্র একটি গৌড়দেশ প্রতিষ্ঠিত করিয়াছে, জিজ্ঞাসা করিলে বলে, সমানে সমানে মিল হয়, গৌড় ও অন্যান্য অঞ্চলে শিক্ষা-দীক্ষার এমন তারতম্য, মিলনের ক্ষেত্ৰ কোথায়?

বৃদ্ধ নাগানন্দ স্বামী পাণ্ডিত্য, প্ৰতিভা ও চরিত্রের জন্য সর্বজনশ্ৰদ্ধেয়, কেবল গৌড়ীয় ছাত্রগণ তাঁহার প্রতি যথেষ্ট শ্রদ্ধাপরায়ণ নহে, গৌড়ীয়গণ নিজেদের মধ্যে বলাবলি করিয়া থাকে, লোকটা পণ্ডিত সন্দেহ নাই, কিন্তু গৌড়ের সীমার বাহিরে জন্মগ্রহণ করিয়াই সব মাটি করিয়া ফেলিয়াছে।

ধনেশাক প্রসঙ্গের পরদিন নাগানন্দ স্বামীর চতুষ্পাঠী বসিয়াছে।

নাগানন্দ স্বামী বলিলেন—গৌড়ীয় ছাত্রদের যে দেখিতেছি না।

একটি মারাঠী ছাত্র বলিল—আচাৰ্য, তাহারা তো সময়মতো কখনই আসে না৷

নাগানন্দ স্বামী বলিলেন—ওটি তাহাদের একটি মহৎ দোষ।

তারপরে বলিলেন, কাল বাজারে কি ঘটিয়াছিল, তোমরা কেহ দেখিয়াছ?

মারাঠী ছাত্ৰটি বলিল—ঐ যে তাহারা আসিতেছে। একেবারে তাহাদেরই শুধাইবেন। আমরা কি বলিতে কি বলিব, গৌড়ীয় ছাত্ৰগণ বড় পরমত-অসহিষ্ণু।

এমন সময় গৌড়ীয় ছাত্ৰগণ প্ৰবেশ করিল।

অন্য দেশের ছাত্ৰগণ প্ৰথমে আচার্যের পাদবন্দনা করিয়া নিজেদের মধ্যে কুশল সম্ভাষণ করিয়া, তবে আসন গ্ৰহণ করে, ইহার সেরূপ কিছুই করিল না। আচার্যের দিকে মাথা দিয়া একটা ঢুঁ মারিবার ভঙ্গী করিয়া সকলে একান্তে বসিয়া পড়িল এবং অনতিনিম্নস্বরে কথাবার্তা বলিতে সুরু করিল।

আচাৰ্য বলিলেন, কাল তোমরা বাজারে কি করিয়াছিলে? একজন দরিদ্র সব্জিওয়ালা আমার কাছে অভিযোগ করিয়া গিয়াছে।

নরেন্দ্ৰ বলিল—আপনার কাছে দৰ্শন পড়িতে আসিয়াছি, পড়ান, ওসব ব্যাপারের মধ্যে আপনি যান কেন?

আচাৰ্য। আমি আর গেলাম কই! দায়ে পড়িয়া সে লোকটা আমার কাছে আসিয়াছিল।

নরেন্দ্র। আপনি রাজা না কোটাল! আপনার কাছে আসে কেন?

আচাৰ্য। তোমাদের গৌড়দেশের রীতি কি জানি না। অন্য সর্বত্র আচার্যের স্থান-রাজা ও কোটালের উপরে। একথা নিতান্ত অশিক্ষিতেও জানে, তাই রাজদ্বারে না গিয়া আমার কাছে আসিয়াছিল।

নরেন্দ্র। আপনি আমাদের দেশ তুলিয়া কথা বলিবেন না।

আচার্য। তোমাদের আচরণেই যে তোলায়, অন্যান্য দেশের ছাত্ৰগণের সঙ্গে তোমাদের প্রভেদ কি বুঝিতে পারো না?

নরেন্দ্র। ওরা ছাতু খায়, ভুট্টা খায়, জোয়ার খায়, চান খায়, পুদিনার শাক খায়।

আচাৰ্য। তাহাতে ক্ষতি কি? যাহার যা খাদ্য। 

নরেন্দ্র। ক্ষতি এই যে, ওরা উড়ে, মেড়ো, ছাতু, ভূত। এমন সময়ে একটি গুজরাটি ছাত্ৰ বলিল, তোমরা যে ধনেপাত খাও।

ধীরেন্দ্র। আমাদের খাদ্য তুলিয়া কথা বলিও না।

আচার্য। তোমরা অনেক বেশি তুলিয়াছ।

ধীরেন্দ্র। আপনি উহাদের দিকে টানিয়া বলিলেন।

আচাৰ্য। তোমাদের দিকে ঘেঁষিতে দাও কই?

সেই গুজরাটি ছাত্রটি বলিল—যাহারা তুচ্ছ ধনেশাকের জন্য পরস্পরের পেটে ছুরি মারিতে পারে—

ধীরেন্দ্ৰ। কে বলিল ছুরি মারিয়াছে?

গুজরাটি ছাত্ৰ। তোমার পেটে ও পটি বাঁধা কেন?

ধীরেন্দ্ৰ। তোমার পেটে তো বাঁধিতে যাই নি, তোমার ক্ষতি কি?

আচাৰ্য। এখন বিতণ্ডা থাক। সব্জিওয়ালা দাম পায় নাই, দুটা কড়ি চাহিতেছিল, দিয়া দিয়ো৷

নরেন্দ্র। ওর প্রতি আপনার এত দরদ কেন? কিছু ভাগবখয়া হইয়াছে বুঝি!

তাহার বাক্যে গৌড়ীয়গণ ছাড়া আর সকলেই অষ্টস্তব্ধ হইয়া গেল।

আচার্যের সম্বন্ধে এমন কথা! যাঁহার সম্মুখে স্বয়ং কাশ্মীররাজ আসন গ্ৰহণ করেন না৷

আচার্যের অপমানে অন্যান্য ছাত্ৰগণ এবারে গর্জন করিয়া উঠিয়া বলিল—এখনি আচার্যের পায়ে ধরিয়া ক্ষমা প্রার্থনা করো।

গৌড়ীয় ছাত্ৰগণ স্প্রিংএর পুতুলের মতো লাফাইয়া উঠিয়া বলিল—কখনোই নয়, কখনোই নয়, প্ৰাণ থাকিতে নয়।

সরু সরু লিকলিকে কেঁচো যেমন কুণ্ডলীকৃত অঙ্গভঙ্গী করে, শীর্ণকায় গৌড়ীয় ছাত্ৰগণের কঙ্কালসার দেহ তেমনি পাকাইয়া পাকাইয়া উঠিতে লাগিল! ‘ইস’, আমাদের এমন অপমান! থাকিত আজি গৌড়রাজের সৈন্য৷’

আচাৰ্য আসন ত্যাগ করিয়া উঠিলেন, গৌড়ীয়দের প্রতি বলিলেন, আচরণ সংশোধন করিবার পরে তোমরা এখানে আসিও, আজ বিদায় হও।

গৌড়ীয়গণ চীৎকার করিতে লাগিল—দেখিব, তুমি কেমন ফলন আচাৰ্য, দেখিব, তুমি কেমন চতুষ্পাঠী করো, সব ভাঙিয়া দিব! আমাদের এখনো তুমি চিনিতে পারো নাই, এবারে পরিবে, পারিয়া নাকের জলে চোখের জলে এক হইবে, ইত্যাদি।