ধনেপাতা

চার

প্রমথনাথ বিশী

৫৬ বার পঠিত

পরদিন প্ৰাতঃকালে নাগানন্দ স্বামী তাহার কুটীরের দ্বার খুলিয়াই দেখেন যে, গৌড়ীয় বিদ্যার্থিগণ ঠিক দরজার সম্মুখেই সারি বাঁধিয়া শুইয়া আছে, পা ফেলিবার জায়গা নাই।

তিনি শুধাইলেন—বাপু, তোমরা এখানে এভাবে শুইয়া পড়িলে কেন?

একজন বলিল—আমরা প্ৰায়োপবেশন করিতেছি।

নাগানন্দ। প্ৰায় উপবেশন আর কোথায় ? ইহাকে তো শয্যাগ্ৰহণ বলে।

গৌড়ীয় বিদ্যার্থী। ইহাই প্ৰায়োপবেশনের রীতি।

নাগানন্দ। আচ্ছা, না হয় তাহাই হইল; কিন্তু কাশ্মীর রাজ্যে কি আর স্থান ছিল না? আমার দরজার সম্মুখে কেন? বাহির হইব কি উপায়ে?

—আমাদের বুকের উপর দিয়া হঁটিয়া যাও।

নাগানন্দ। তোমাদের যে পাখীর বুক, মচ করিয়া ভাঙ্গিয়া যাইবে। কিন্তু বাপু, প্ৰায়োপবেশনের উদ্দেশ্য কি?

—আপনার মত পরিবর্তন করাইতে চাই।

নাগানন্দ৷ আমার অপরাধ কি?

—কাল আপনি আমাদের অপমান করিয়াছেন।

নাগানন্দ। লোকের ধারণা তো ঠিক অন্যরূপ, তোমরাই আচার্যের সঙ্গে অনার্যোচিত ব্যবহার করিয়াছ।

—আবার অপমান করিলেন। আমাদের অনার্য বলিলেন।

নাগানন্দ। বলিলে অন্যায় হয় না, কিন্তু সত্যই কি বলিয়াছি?

—সে লোকে বিচার করিবে। এই আমরা শুইয়া রহিলাম, আপনি যা পারেন করুন।

অগত্যা নাগানন্দ স্বামী ঘরের মধ্যেই রহিতে বাধ্য হইলেন। অধিকাংশ বিদ্যার্থী শুইয়া রহিল, কেবল জনদুই একটা জগঝম্প পিটিয়া লোকের মনোযোগ আকর্ষণ করিতে লাগিল। অল্পক্ষণের মধ্যেই ভিড় জমিয়া গেল।

সকলে অবাক। এমন দৃশ্য তাহারা কখনো দেখে নাই। সকাল গেল, দুপুর গেল, সায়াহ্ন আসিল, না উঠিল বিদ্যার্থিগণ, না থামিল জগঝম্পের বাজনা৷

ভিড়ের মধ্য হইতে একজন বলিল—তোমরা কি স্নানাহার করিবে না?

—না৷

—তোমরা কি আচাৰ্যকে বাহিরে আসিতে দিবে না?

—তিনি স্বচ্ছন্দে বাহিরে আসিতে পারেন, আমরা আটকাই নাই।

—ইহাকেই তো আটকানো বলে।

—মোটেই নয়, ইহাকে বলে সাত্ত্বিক প্রায়োপবেশ৷

—কিন্তু আচাৰ্যও যে প্ৰায়োপবেশন করিতে বাধ্য হইতেছেন।

—আমরা তাহার কি করিব?

রাত্ৰি আসিল। ভিড় কমিয়া গেল। কিন্তু প্ৰায়োপবেশকদল উঠিল না, বাজনাও থামিল না। নাগানন্দ ঘরের মধ্যে বন্ধ রহিলেন, কিন্তু অভুক্ত রহিলেন না। তিনি যোগী পুরুষ, যোগবলে ঘরে বসিয়াই খাদ্য সংগ্ৰহ করিয়া আহার করিলেন। অভুক্ত বিদ্যার্থীদের কথা স্মরণ করিয়া তাহার দুঃখ হইল, ইহাতে বুঝিতে পারা যায় যে, যোগবলেও জীবনের সব রহস্য উদ্ঘাটিত হয় না। তিনি আধুনিক কালের লোক হইলে নিরস্তু উপবাস করিতে বাধ্য হইতেন।

এই ভাবে তিন চার দিন গেল। প্ৰতিদিনই ভিড় বাড়িতে লাগিল। সকলে দেখিয়া অবাক হইল যে, বিদ্যার্থিগণ আজ চার দিন অভুক্ত, অথচ দিব্য প্ৰফুল্লমূর্তি, মুখে ক্লেশ বা অনশনের চিহ্নমাত্র নাই।

কেহ বলিল—উহারা মায়া জানে।

কেহ বলিল—উহারা যোগী।

কেহ বলিল—ক্ষুধাতৃষ্ণ জয় করিবার কৌশল শিখিবার উদ্দেশ্যে একবার গৌড়ে যাইতে হইবে দেখিতেছি।

অবশেষে ব্যাপারটা রাজার কানে পৌঁছিল। তিনি মন্ত্রীকে দিয়া উপবাস ভঙ্গ করিতে বলিয়া পাঠাইলেন। বিদ্যার্থীরা সন্মত হইল না। অবশেষে রাজা কোটালকে আদেশ করিলেন, সৈন্য দিয়া ছাত্রদের যেন ঘিরিয়া রাখে, নতুবা লোকে তাহাদের বিরক্ত করিতে পারে।

এই আদেশ শুনিয়া বিদ্যার্থীরা ঘোরতর আপত্তি করিল, বলিল-তাহা হইলে রাজদ্বারেও প্ৰায়োপবেশন সুরু করিতে হইবে দেখিতেছি। 

রাজা বলিলেন—থাক, বাদ দাও, উহাদের ভালোর জন্যই ঘিরিয়া রাখিবার কথা বলিয়াছিলাম, উহারা না চায়, নাই ঘিরিয়া রাখিলে, আমার কি শিরঃপীড়া!

আরও চার পাঁচ দিন গত হইল। রাজা বিশেষ উদ্বিগ্ন হইয়া উঠিলেন, একটা অঘটন ঘটিয়া গেলে গৌড়েশ্বর কি বলিবেন। তিনি রাজবৈদ্যকে পাঠাইয়া দিলেন, বলিলেন,—যাও, একবার পরীক্ষা করিয়া দেখ, ছাত্রদের শরীরের অবস্থা কিরূপ?

বিদ্যার্থীরা রাজবৈদ্যাকে কাছে ঘেঁষিতে দিল না।

রাজা প্ৰধান অমাত্যগণকে পাঠাইয়া দিলেন, একবার কহিয়া দেখো, অনশন ত্যাগ করে কি না!

বিদ্যার্থীরা কাহারো কথা শুনিল না, বরঞ্চ চীৎকার করিয়া বলিতে লাগিল, আগে নাগানন্দ মত পরিবর্তন করুক, তারপরে আমাদের অনুরোধ করিও। অমাত্যগণের মুখ ভবিষ্যতের আশঙ্কায় কালো হইয়া গেল, তাহারা ভাবিতে লাগিল, রাজাকে গিয়া কি বলিবে।

এমন সময় এক বুড়ো মিঠাইওয়ালা তাহাদের কাছে আসিয়া মৃদুস্বরে বলিল—কর্তা, আপনার ছাত্রদের জন্য চিন্তা করিবেন না, তাহারা কদাচ অনাহারে মরিবে না।

—একজন কৌতুহলী হইয়া শুধাইল, কেন এমন বলিতেছ?

কিন্তু মিঠাইওয়ালাকে আর দেখিতে পাওয়া গেল না, ভিড়ের মধ্যে যে কোথায় সরিয়া পড়িয়াছে৷

আরও চার দিন গেল। বিদ্যার্থীদের প্রায়োপবেশনের আজ পঞ্চদশতম দিবস। 

গৌড়বাসীর অনশনক্ষমতায় সমস্ত কাশ্মীর হতবুদ্ধি।

একজন বলিল—অনশনেই ওরা অভ্যস্ত, তাই না ওরূপ চেহারা।

আর একজন বলিল—মনের বলই বল, শরীরটা তো তুচ্ছ, দিভান্ত না থাকিলে নয়, তাই আছে।

অপর আর একজন বলিল—যা বল, ওরাই আসল ব্ৰাহ্মণ, সংস্কৃত উচ্চারণ যেমনি করুক না কেন।

ক্ৰমে অনেক লোকেই বিদ্যার্থীদের প্রতি সহানুভূতিপরায়ণ হইয়া উঠিল, তাহারা বিদ্যার্থীদের অপরাধ ভুলিয়া গেল, এমন কি, কেহ কেহ নাগানন্দকেই দোষী সাব্যস্ত করিতে লাগিল। জনমত যখন বিদ্যার্থীদের দিকে ঘুরিবার মুখে, এমন সময়ে এক অঘটন ঘটিল।

সে দিন অনশনের ষোড়শতম দিবস। দুইজন গৌড়ীয় বিদ্যার্থী (সেই দুইজন জনমত জাগ্ৰত করিবার উদ্দেশ্যে জগঝষ্প পিটিত) অতি প্ৰত্যুষে ছুটিতে ছুটিতে রাজবৈদ্যের বাড়ীতে আসিয়া উপস্থিত হইল।

রাজবৈদ্য শুধাইল—এত ভোরে! কি সংবাদ?

—আপনাকে একবার যাইতে হইবে।

—কোথায়?

—প্রায়োপবেশ ক্ষেত্রে৷

—সঙ্কট দেখা দিয়াছে বুঝি! আগেই জানিতাম, এমন হইবে। হিক্কা, না শ্বাস, না দুই-ই?

—আজ্ঞে, না, ভেদ আর বসি।

—উদরাময়?

—তাইতো মনে হইতেছে।

—কি আশ্চৰ্য! প্ৰায়োপবেশনের ফলে উদরাময়, এমন তো শাস্ত্ৰে লেখে না।

—আজ্ঞে তবু সত্য, কিছুমাত্র সন্দেহ নাই।

—কেন এমন হইল বলিতে পারো?

—আজ্ঞে, ঘৃতটা কিঞ্চিৎ নীরেস ছিল।

—ঘৃত? এর মধ্যে ঘৃত কোথা হইতে আসিল?

—এক বেটা বুড়ো মিঠাইওয়ালার অনবধানেই এমন ঘটিয়াছে।

—মিঠাইওয়ালা? তোমরা কি তবে প্ৰায়োপবেশন কর নাই?

—আজ্ঞে প্ৰায় উপবেশন করিয়াছিলাম বলিয়াই এমন দুরবস্থা ঘটিল, শুধু উপবেশন করিলে বোধ করি এমন হইত না।

তারপরে রাজবৈদ্যের চিকিৎসার গুণে উদরাময়ের রোগীরা কয়েক দিনের মধ্যেই সম্পূর্ণ সারিয়া উঠিল, আর নাগানন্দ স্বামীও গৃহাবিরোধ হইতে মুক্তি লাভ করিলেন।

অতঃপর কাশ্মীররাজ গৌড়ীয় বিদ্যার্থীদের ডাকিয়া পাঠাইলেন। তাহারা উপস্থিত হইলে বলিলেন—বৎস, এবার তোমরা দেশে ফিরিয়া যাও।

বিদ্যার্থীরা নিজেদের মধ্যে পরামর্শ করিয়া বলিল—আমাদের পাথেয়র অভাব৷

রাজা বলিলেন—রাজকোষ হইতে দিতেছি।

বিদ্যার্থীরা বলিল—সঙ্গীর অভাব৷

রাজা বলিলেন—কয়েকজন সৈন্য তোমাদের সঙ্গে গৌড় পর্যন্ত যাইবে।

তখন বিদ্যার্থীরা বলিল—আমরা যে চতুষ্পাঠীর পরীক্ষায় উত্তীর্ণ হইয়াছি, এমন অভিজ্ঞানপত্র দিতে হইবে৷

রাজা বলিলেন—তাহাও দিতে পারি। কিন্তু তোমরাই জানো, কত দূর কি শিখিয়াছ, দেশে গিয়া ধরা পড়িবে না?

বিদ্যার্থীরা বলিল—আজ্ঞে, সে আশঙ্কা নাই; কারণ, দেশের লোকেরা আমাদের চেয়েও মুর্খ!

রাজা বলিলেন—তবে তাহাই হোক। তোমাদের অভীষ্ট সব বস্তুই পাইবে, এখন যাও, প্ৰস্তুত হও গিয়া।

তারপর একদিন সুপ্ৰভাতে গৌড়ীয় বিদ্যার্থিগণ রাজব্যয়ে কাশ্মীর ত্যাগ করিতে উদ্যত হইল। চারিদিকের জনতাকে অভিভূত করিয়া দিয়া বিদ্যার্থিগণ ‘কাশ্মীর নিপাত যাউক’ ধ্বনি করিতে লাগিল এবং পালাক্রমে ‘কাশ্মীর নিপাত যাউক’ ও ‘গৌড় উন্নত হউক’ ধ্বনি তুলিতে তুলিতে গৃহাভিমুখে যাত্ৰা করিল।

তাহারা চলিয়া গেলে, বিস্ময়ের ভাব কতকটা কাটিলে একজন বলিয়া উঠিল— ‘দুনিয়া তো এক আজব চিড়িয়াখানা হ্যায়। ঔর গৌড় উসীমে বন্দরকা মোকাম! সীয়ারাম, সীয়ারাম৷’