মিথিলা সেওহারা ও সে

এক

হাসান জাহিদ

৪৬ বার পঠিত

কালো রোমশ মাকড়শাটাকে সে দেখেছিল বাথরুমে। কেমন ভয় জাগানিয়া। তাকিয়ে থাকে একদৃষ্টে। কয়েকদিন মাকড়শাটাকে দেয়ালের একই স্থানে দেখতে পেল। তারপর একদিন রোমশ কীটটাকে আর দেখতে পেলনা সে। স্থান বদল করে চলে গেছে অন্যত্র। তার ছাতের এই বাসাটা সে ছাড়াও আরো হরেক রকম প্রাণির আস্তানা। বাথরুমের ছাত টিনের। দেয়ালের ওপর তক্তা ও টিনের ফোকরে বাস করে অজ চামচিকে, তাদের বিষ্ঠায় বাথরুমের বিস্কিটরঙা জীর্ণ দেয়াল কালো আলপনায় ছেয়ে গেছে। অহর্নিশ এদের কিচকিচ ডাক শোনা যায়। ঘরের বিবর্ণ দেয়ালে ঘুরে বেড়ায় অসংখ্য ঘাড়মোটা টিকটিকি। সমস্ত ঘরজুড়ে এদের এত খাদ্য যে, খেয়ে খেয়ে তারা শরীরের মেদ বাড়িয়ে চলেছে। আর তাদের টিকটিক ডাক রাতের নিস্তদ্ধতা ভঙ্গ করে। একজোড়া মৈথুনরত টিকটিকি দেয়াল আঁকড়ে কিরির-কিরির শব্দ করছিল। সে কাছিয়ে যেতে ওরা সরে যাবার চেষ্টা করল। দেয়ালের অপেক্ষাকৃত মসৃণ অংশে পিছলে গিয়ে থপ করে নিচে পড়ে দুজন দুইদিকে পালাল।

আর আছে আরশোলা, ইয়া বড় বড়। সারা বাসাজুড়ে তাদের বিচরণ। ওর জানালার কাছের আমগাছে বাস করে একজোড়া তক্ষক, টিকটিকির খালাত বা চাচাত ভাই। তারা বাস্তু টিকটিকিদের চাইতে বনেদি। সেজন্যই বোধহয়, ঘর-প্রজাতি আর গাছ-প্রজাতির সাথে কোনো রকম যোগাযোগ নেই। গাছ প্রজাতি ডাকে টাক-কু শব্দে আর ঘর-প্রজাতি ডাকে টিকটিক করে।

একটা শিঙাল পেঁচাও আসে আমগাছটায়। কিন্তু ওকে কোনোদিন সে ডাকতে শোনেনি। বোধহয়, এই আমগাছটা ওর স্থায়ি নিবাস না, একটা ট্রানজিট। বহুদূরের যাত্রি সে, উড়ে উড়ে যায়। এই আমগাছে শোঁয়াপোকার রসালো আহার সেরে ফের উড়াল দেয় অজানা গন্তব্যে।

ঘরটায় আরো আছে অসংখ্য নেংটি ইঁদুর, তাদের দেখা যায়, কিন্তু ধরা যায়না। সুপারসনিক জেটের মতো তাদের গতি, স্প্রিংয়ের মতো ছুটে যাবার ভঙ্গি।

এদের নিয়েই আছে সে। আরেকটি প্রজাতির টিকটিকি আছে ওর আশেপাশে। তবে সে দেয়াল টিকটিকিও না বা গোয়েন্দা সংস্থার কেউ না। প্রথম প্রথম তাকে গোয়েন্দা বলে মনে হলেও আজকাল তাকে আর গোয়েন্দার পর্যায়ে ফেলা যায়না। কেননা, সে খুব খোলামেলা আচরণ করছে। গোয়েন্দারা যা সাধারণত করেনা। এই টিকটিকিটা নিচতলার বাসিন্দা। বিকেলে ছাতে খেলতে আসে।

কর্মক্ষেত্র থেকে ফিরে এসে সে ক্যাকটাসের পরিচর্যা করে। ক্যাকটাসের সঙ্গে তার পুরনো সখ্যতা। সুযোগ পেলেই কাঁটাসমৃদ্ধ গোল ক্যাকটাস কিনে আনে। এদের পরিচর্যা করতে হয়না খুব একটা। বিকেলে তার কাজ থাকেনা বলে ক্যাকটাসের সাথে বিকেলটা কাটে। ছোটো টিকটিকি-মেয়েটার চুল বেণি করা থাকে আর তার গায়ের জামা রংচঙে। মেয়েটা শান্ত। নাম রূপসা। ছাতের রেলিং উজিয়ে রূপসা নিচে তাকিয়ে মানুষজন দেখে। ছাতঘেঁষে নারকেল গাছগুলোর কাকদের দিকে ঢিল ছুড়ে মারে। সে ক্যাকটাসের বালিমাটি খুঁচাবার অবসরে আড়চোখে মেয়েটিকে লক্ষ করে। মেয়েটি রেলিংয়ের দিকে ঝুঁকে পড়লে সাবধান করে। প্রথম কদিন পরিচয় পর্ব চলল। এরপর চলল চকলেট পর্ব। গত কিছুদিন সে নিয়মিত চকলেট নিয়ে আসছে মেয়েটির জন্য। প্রথম কদিন দ্বিধার সাথে চকলেট গ্রহণ করলেও এখন মেয়েটি রীতিমতো অপেক্ষা করে চকলেটের জন্য।

‘তোমার নামে একটা নদী আছে, জানো?’

‘হ্যাঁ।‘

‘সেই নদীতে শুশুক ডিগবাজি খায় দেখেছ?’

‘শুশুক কী?’

‘ছোটো ডলফিন। এরা একজাতের মাছ।‘

এভাবেই গল্পপর্ব চলে মেয়েটির সাথে। অন্যদিকে দুলতে থাকে পেন্ডুলাম। না, এটা অধুনাতন ঘড়ি নয়। দেয়ালে টানানো তাঁর শখের সেওহারা। ফ্রান্সের ল্যুভর মিউজিয়ামে সংগৃহিত হবার মতো দুর্লভ বস্তু।