মিথিলা সেওহারা ও সে

দুই

হাসান জাহিদ

৪৭ বার পঠিত

অবিরাম টক টক শব্দ করে যায় ঘড়িটা। মাঝেমধ্যে ঢং ঢং শব্দে জানান দেয় তার অফিসে যাবার বা ঘুমাবার সময়। সেওহারা যখন ঢং ঢং শব্দ করে ওঠে তখন টিকটিকিরা দৌড়ে পালায়। ঘরের নীরবতায় একটা কাঁসার ধ্বনি তরঙ্গায়িত হয়। এক ব্রিটিশ সাহেব এই ঘড়িটা দাদাকে উপহার দিয়েছিল। দাদা সাহেবদের এক সওদাগরি অফিসে চাকরি করতেন। একসময় অফিসটি বন্ধ হয়ে যায়। সাহেবরা সবকিছু গুটিয়ে নিচ্ছিল ভারতবর্ষ থেকে। সাতচল্লিশের পর দাদা চলে এলেন ঢাকায়। আস্তানা গাঁড়লেন টিকাটুলিতে। জনসন রোডে তিনি ঘড়ির দোকান দিলেন। দূরদূরান্ত থেকে লোকজন ছুটে আসত তাঁর দোকানে। নানান দেশের নানান জাতের ঘড়িতে গিজগিজ করত দোকান। অনেক দুর্লভ ঘড়িও ছিল তাঁর সংগ্রহে--সেওহারা তেমনি এক প্রজাতি। লোকজন ঘড়ি কিনতে বা সারাই করতে তাঁর দোকানে ভিড় করত। দক্ষতা, নিষ্ঠা ও সততা দিয়ে ব্যবসা চালিয়ে একসময় ছেলের হাতে ব্যবসা তুলে দিয়ে দাদা একদিন চোখ বুজলেন। ছেলে সেই ব্যবসা ধরে রাখতে পারেনি। ব্যবসা মার খেতে খেতে একসময় বন্ধ হয়ে যায়। সবেধন নীলমণি হিশেবে সেওহারা ঘড়িটি আজও অস্তিত্বমান।

ঘড়ির ব্যবসা ছেড়ে সরকারি দপ্তরে যোগ দিয়ে সেখানে চাকরিজীবন কাটিয়ে অবশেষে পেনশন প্রাপ্ত হন তার বাবা। বাবার পথ ধরে সে-ও চাকরি নিল সরকারের এক দপ্তরে। সেই থেকে ভ্রাম্যমান সে। সমাজ কল্যাণ দপ্তরের কর্মকর্তা পদে যোগ দিয়ে আজ নয় বছর যাবৎ সে মানবসেবা করে যাচ্ছে। প্রত্যন্ত অঞ্চলেও সে চাকরি করেছে। বিভাগীয় শহরে করেছে, সর্বশেষ এই জেলা শহরে এসে ঠেকেছে। এখন আর পিছুটান নেই। বাবা গত হয়েছেন তিনবছর আগে, গত বছর মা-ও চলে গেলেন। একটা মাত্র ছেটোবোন স্বামী-সন্তানসহ জার্মানিতে দিন গুজরান করছে। এখন যদি কর্তৃপক্ষ তাকে পার্বত্য চট্টগ্রামের পাহাড়ের কোনো গুপ্ত গুহাতেও পোস্টিং দেয়, তাতেও সে আপত্তি করবেনা। মাসছয়েক আগে জার্মানি থেকে ছোটোবোন এসেছিল। বোন আর মগবাজারের মণি খালা উদ্যোগ নিয়ে একটা বিয়ের প্রস্তাব এনেছিল, কিন্তু সে রাজি হচ্ছিল না। তবুও ছোটোবোন ও মণি খালা আরো একটু এগিয়েছিল কিন্তু শেষমুহূর্তে পিঠটান দেয় সে। যার বারবার ট্রান্সফার হয়, যার বউ অস্তিত্বে এখনও মিশে আছে, বউয়ের মায়াভরা আদরের রেণু যার সর্বাঙ্গে এখনও লেগে আছে, প্রথম দাম্পত্য জীবনের দিনগুলো যার স্মৃতিতে এখনও উজ্জ্বল, তার পক্ষে এখন বিয়ে করা সম্ভব না।

তার বিবাহিত জীবনের আয়ুষ্কাল ছিল মাত্র সোয়া বছর। স্ত্রী মিথিলা চলে গেল। আঘাতটা সকরুণ রূপ ধরে ওর জীবনের সমস্ত আনন্দ যেন মাটিতে মিশিয়ে দিল। একটা চিরস্থায়ি দাগ এঁকে দিল ওর হৃৎপিণ্ডের গভীরে।

...ওদের বিয়ের মাত্র ছয়মাস পরেই তার ট্রান্সফার অর্ডার হয়ে যায়। চেনা পরিবেশ ছেড়ে সে দুইবছর পোস্টেড ছিল। মিথিলা ওর সাথী হতে চেয়েছিল, সে-ই না করেছিল--নতুন পরিবেশে ওদের সদ্যবিবাহিত জীবন গুছিয়ে ওঠার আগেই ফের ট্রান্সফার হয়ে গেলে সব এলোমেলো হয়ে যেত। মিথিলাও সেই যুক্তি মেনে নিয়েছিল। সে মাঝেমধ্যে উইকএন্ডে মিথিলাদের বাড়িতে চলে যেত। মিথিলা সবকিছু মেনে নিত। অথচ চাকরিটা বারবার ট্রান্সফারযোগ্য জেনেও সে মন থেকে তা মানতে পারেনি, বিশেষত বিয়ের পর। মিথিলাই ওকে সান্ত¦না দিত।

মাঝেমধ্যে সন্দেহ জাগত, মিথিলা কি সুখি নয়? সে কি ঘরসংসার চায় না! প্রশ্নটা একবার করেছিল সে। মিথিলা কাচভাঙ্গা হাসি ছড়িয়ে দিয়ে বলেছিল, ‘সব মেয়েই সংসার চায়। আমিও চাই। তাই প্রতীক্ষা করছি।’

‘কীসের প্রতীক্ষা!’

‘কীসের আবার, তুমি যখন এখানে বদলি হয়ে আসবে, তখন সংসার গুছিয়ে বসব।’

‘ফের যদি বদলি হয়ে যাই?’

‘আর বদলি হতে দেব না।’

‘মানে!’

‘মানে হলো তোমাকে এই চাকরি থেকে ছাড়িয়ে নেব। তুমি বলেছিলে তুমি নাকি অনেক এনজিও থেকে অফার পাচ্ছ।’

‘তা পাচ্ছি।’

‘আর আমি একটা কলেজে ঢোকার চেষ্টা করছি...দু’জনে মিলে সংসার গড়ে তুলব।’

সে মুগ্ধচোখে মিথিলার দিকে তাকিয়ে ছিল। রেললাইনের ওপারে নারকেল গাছের মাথায় মস্ত চাঁদ উঠেছিল সেরাতে। ছাতে দাঁড়িয়ে গল্প করছিল সে মিথিলার সাথে।

তার শ্বশুরালয়, মানে মিথিলাদের বাসাটা ভারি সুন্দর। খুলনা শহরের খালিশপুরের সব বাড়িগুলোই কমবেশি সুন্দর। কারণ এলাকাটা সুন্দর। প্রশস্ত পাকা রাস্তা, দু’পাশে সারি সারি গাছ। পাকা রাস্তায় হেঁটে বেড়ায় সোনালি ভেড়ার দল। রাজহাঁস ক্রং ক্রং শব্দে গলা উঁচিয়ে রাস্তা পেরোয়। ক্রেসেন্ট রোডের শেষপ্রান্তে একটা পুকুর ঘেঁষে মিথিলাদের বাড়ি। পুকুরের ওপারেই রেললাইন। প্রতিবার ট্রেন যাবার সময় আশপাশ প্রকম্পিত করে যায়। বিশাল জায়গার ওপর উঁচু বাউন্ডারি ঘেরা বাড়ি। বাগান ও গাছগাছালিতে ভরপুর।

সে বলেছিল, ‘না হয় মানলাম, কলেজে তোমার চাকরি হলো। কিন্তু কোন্ কলেজে? আর আমার এনজিও’র চাকরির অফার তো ঢাকায়। তোমার আমার কর্মক্ষেত্র যদি না-ই মিলল তাহলে তো যে লাউ সেই কদু হয়ে যাবে।’

‘বুঝেছ ছাই,’ মিথিলা বিন্দুমাত্র দমিত না হয়ে বলল, ‘আমার চাকরিটা খুলনাতেই হতে পারে।’

‘তাহলে আমি নেই,’ সে বলল, ‘আমি বাবা ঢাকা ছাড়া অন্য কোথাও পারমানেন্টলি থাকতে পারবনা। আর এনজিও’র চাকরিটা নিলে ওরা আমাকে ঢাকাতেই রাখবে বরাবর। তুমি কেন কলেজের চাকরির জন্য ঢাকায় চেষ্টা করো না? আর কলেজে কি তোমাকে নিতান্তই চেষ্টা করতে হবে? আমার একার বেতনে চলবে না? এনজিওতে জয়েন করলে বেতন বেশি পাব বলেই মনে হয়। তাতে কি আমাদের দু’জনের চলবে না?’

মিথিলার মুখটা কি কালো হয়ে গেল। মিথিলা বলল, ‘চলবে হয়তো, কিন্তু...। মানে বাবা বলছিলেন, তাঁর এনজিওটা যদি তুমি দেখাশোনা করো, আর আমিও এখানকার কলেজে যোগ দিই।’

সে ঘাড়ের কাছটা চুলকে বলল, ‘তা সম্ভব নয় মিথিলা। শ্বশুরের এনজিওতে চাকরি করে বেতন নিতে পারব না। আর বেতন না নিলে আমার জীবন চলবে না।’

‘শুধু বেতনের কথা তুলছো কেন। বাবা চাচ্ছেন নিজেদের কারুর ওপর দায়িত্ব দেবেন তিনি। ভাইয়া তো হঠাৎ করেই অ্যামেরিকায় চলে গেল। নইলে ভাইয়া হাল ধরতে পারত এনজিওটার। তাই...।’

‘কিন্তু মিথিলা, তা সম্ভব নয়। আমি চাকরিসূত্রে ঢাকার বাইরে হলেও জন্মসূত্রে কিন্তু ঢাকাইয়া। আমার পক্ষে ঢাকা ছাড়া স্থায়িভাবে আর কোথাও সেটল করা সম্ভব না। আরো একটু সমস্যা আছে, শ্বশুরের প্রতিষ্ঠানে আমার পক্ষে যোগদান করা একেবারেই অসম্ভব।’

মিথিলা বলা নেই কওয়া নেই, সহসা গটগট করে ছুটে গেল সিঁড়িঘরের দিকে। তারপর ঠকঠক শব্দে নেমে গেল সিঁড়ি বেয়ে। সেদিকে তাকিয়ে আপনমনে হাসল সে। মিথিলার আশা ভঙ্গ হয়েছে। আগে থেকেই এরকম কিছু ঠাওর করে আসছিল সে--গত দুইদিন বাপমেয়েকে ফুসুর-ফাসুর করে শলাপরামর্শ চালাতে দেখেছে। এক্ষণে তার দুইদিনের শলা নিমেষে চুরমার হয়ে গেল বিধায় মিথিলা তার রোষ চেপে রাখতে পারেনি। এইসাথে মিথিলার কোন্ স্থানটায় চোট লেগেছে বেশি, সেটাও খোলাসা হয়ে গেল। ওর বাপের এনজিওতে যোগদান করতে না চাওয়াটা মিথিলার ভালো লাগেনি।