পরের ক’টি দিন ওদের মান-অভিমানে কাটল। সেদিন সে শ্বশুরের ওপর বিরক্ত হলো রীতিমতো। চায়ের টেবিলে শ্বশুর ইনিয়েবিনিয়ে অনেক কথা বলে শেষে ওই এক কথাই বললেন। বয়রার জায়গাটা ওর নামে লিখে দেবেন এবং মা-মরা মেয়েটার জন্য ব্যাংকে প্রচুর টাকা রেখে দেবেন বলে জানালেন আর তাঁর এনজিওতে যোগ দিলে যে আখেরে ভালো হবে--সে কথাও জানালেন। তারপর জামাই পটে গেছে--এমন একটা ভান করে তিনি ‘কালই লেগে যাও’ বলে বিশাল হাই তুলে বললেন, ‘কইরে মিথিলা, দুপুর তো পার করে দিলি। জামাইয়ের সাথে আমার খাবারটাও দিয়ে দে।’
সে বিরক্ত হয়েছিল, তবে তা প্রকাশ করেনি। এখন সেটা প্রকাশ করে বলল, ‘কিন্তু আমার পক্ষে আপনার প্রস্তাবে রাজি হওয়াটা সম্ভব নয়।’
হে-হে করে হেসে শ্বশুর বললেন, ‘শ্বশুর কি কখনও জামাইকে প্রস্তাব দেয় নাকি। এটা হলো, যাকে বলে--বুড়ো শ্বশুরকে একটু রিলিফ দেয়া। মা-মরা মেয়েটার গতি করা।’
সে বলল, ‘আমি অন্য যে কোনো ভাবে শ্বশুরের প্রতি কর্তব্য পালন করতে পারি, রিলিফ দিতে পারি আপনাকে। কিন্তু এভাবে নয়...।’
‘ঠিক আছে, তোমার যা ভালো মনে হয় করো,’ শ্বশুরের কন্ঠে উষ্মা প্রকাশ পেল।
পরের দিনটি মিথিলা ওর কাছ থেকে পালিয়ে বেড়ালো। তারও পরের দিন তার যাবার সময় হয়ে গেল। জিনিসপত্র গোছগাছ করছিল সে। এসময় গুটি গুটি পায়ে সামনে এসে দাঁড়ায় মিথিলা। চোখদু’টো ফোলা, অবিন্যস্ত চুল, মুখ শুকনো। সে বলল, ‘কী হয়েছে প্রেয়সী। না না, তোমার এই মলিন মুখখানি আমি সইতে পারছি না। এই শুকনো মুখ চুমোয় চুমোয় ভিজিয়ে দেব। আমি সেইদিন হবো শান্ত, যবে প্রিয়ের মুখখানা আর দেখাবে না ক্লান্ত।’
‘আসলেই তুমি একটা ফাজিল।’ মিথিলা রেগেমেগে বলল।
সে বলল, ‘বুঝেছি, শ্বশুর মশাই আমাকে ফাজিল বলেছেন।’
‘সেটাও আড় পেতে শুনে ফেলেছ।’
‘না, তোমার মুখনিঃসৃত বাক্যবিন্যাসে গলদ ছিল। বুঝলাম তুমিই আমাকে একমাত্র ফাজিল বলোনি, তার আগে কেউ বলেছেন। মানে শ্বশুর মহোদয়। অতএব...।’
মিথিলা রাগ করে বলল, ‘আমার আর বাবার প্রতি তোমার মায়া নেই।’
‘আছে, দু’জনের জন্যই। মায়া তো একদিনে প্রকাশ করা যায়না। সেটা প্রকাশের জন্য আরো বহুবছর রয়েছে সামনে।’
‘ধরো আমি যদি কাল মরে যাই?’
‘আমিও তো মরতে পারি।’
‘ধরো, আমি মরলাম।’ ভাবগম্ভীর কন্ঠে মিথিলা বলল।
‘মরার প্রসঙ্গটা বাদ দাও...অন্য কথা বলো।’
‘আমি মরে যাব দেখে নিয়ো।’
‘কী মুশকিল, কেন তুমি মরতে যাবে? আত্মহত্যা করার মতো তো কোনো কারণ ঘটেনি।’
‘আত্মহত্যা আমি করব না। রোড অ্যাক্সিডেন্টে মরব আমি।’
সে ছুটে গিয়ে মিথিলার মুখে হাত রাখল। বলল, ‘এসব অলুক্ষণে কথা বলতে হয় না। মরবার কথা বলার মতো পরিস্থিতি কি সৃষ্টি হয়েছে, মিথিলা?’
মিথিলা ওর বুকে মুখ ঘঁষতে থাকল। হু হু করে কান্না জুড়ল।
সে বলল, ‘আমি যোগ দিই গিয়ে কাজে। তারপর ভেবে দেখি কী করা যায়। আমার আবার ট্রান্সফারের সময় হয়ে আসছে। এবার তদ্বির করব খুলনায় ট্রান্সফার হতে।’
চোখ মুছে মিথিলা বলল, ‘ঠিক আছে। তাহলে চলো তুমি আমি এখানেই জীবনটা গড়ে তুলি। হাঁপিয়ে উঠেছি, আর পারছিনা।’
‘দেখি কী হয়। হয়তো এখানেই থাকব।’
মিথিলা ভারি আনন্দিত হয়েছিল সেদিন। আঁধার কেটে গিয়ে তার চোখমুখ মুহূর্তেই উজ্জ্বল হয়ে উঠেছিল।