সন্ধ্যার প্রাক্কালে সে প্রায় নিয়মিত পদশব্দটা পায়। শরীর শিরশিরিয়ে ওঠে। একজন জোয়ান, সুন্দরী মহিলার এতটা বেহায়া হওয়াটা কি সাজে? এটা কেমন প্রলোভন! আজকাল অবসাদ ভর করছে শরীরে। বহুদিন সে ছাতের ক্যাকটাসের পরিচর্যা করেনি। কাজেকর্মে উৎসাহ হারিয়ে ফেলছে। গত কিছুদিন তার কাজকর্মের ব্যত্যয় হচ্ছে।
এক সন্ধ্যেয় পদশব্দ পেয়ে মনস্থ করল রূপসার মায়ের মুখোমুখি হবে। এরকম ভৌতিক আয়োজন কেন? তার যদি বিয়ে করার প্রবল বাসনা জেগে থাকে, তবে সে সোজাসাপ্টা প্রস্তাব পাঠালেই তো পারে। সে দুরুদুরু বুকে ছাতের দিকে এগুলো।
আছে। মহিলা তার দিকে পেছন ফিরে দাঁড়িয়ে আছে ছাতে নুয়ে পড়া একটা নারকেল পাতা ঘেঁষে। চুল ছড়িয়ে আছে তার পিঠ ও কোমরজুড়ে। তার উপস্থিতি ঠাওর করে মহিলা ফিরল তার দিকে। তার শিরদাঁড়া বেয়ে নেমে এলো শীতল স্রোত। সে কয়েক কদম পিছু হাঁটল। তারপর আচমকা ঘুরে তীরের বেগে ছুটে এলো নিজ কক্ষে। দরজা বন্ধ করে সে হাঁপাতে থাকে। নারকেলের পাতার আড়ালে লম্বাচুলো মিথিলা দাঁড়িয়ে ছিল!
পরের কয়েকটি দিন সে নিস্তেজ মন নিয়ে কাটিয়ে দিয়ে একদিন সকালে হঠাৎ চাঙ্গা বোধ করল। সে সিদ্ধান্ত নেয়, জোর তদ্বির করে অন্যত্র বদলি হয়ে যাবে আবার। চিরবিদায় নেবে তার পোকামাকড়-নেংটি-চামচিকে-পেঁচা ও সরীসৃপ বন্ধুদের কাছ থেকে।
গল্পকার হাসান জাহিদ একজন পরিবেশ বিশেষজ্ঞ ও জার্নালিস্ট। তিনি ২৭ সেপ্টেম্বর, ১৯৬৫ খ্রিস্টাব্দে ঢাকায় জন্মগ্রহন করেন। বর্তমানে তিনি কানাডার টরোন্টোতে বসবাস করছেন। তিনি বিভিন্ন পত্রিকা ও লিটল ম্যাগাজিনে নিয়মিত লেখালেখি করেন। তিনি বাংলা ছাড়াও ইংরেজি ভাষায় গল্প লেখেন।