রূপসা ওর মেয়ে হলে কেমন হয়? ভারি মজার হয়। কন্যার মর্যাদা পাবার মতোই নিষ্পাপ-মিষ্টি মেয়ে রূপসা। ভেতরটা নাড়িয়ে দেয়। সে রূপসার বাবা, কিন্তু ওর মা? অধুনা রূপসার মা ছাতে এসে হাঁটাহাঁটি শুরু করেছে। সন্ধ্যার প্রাক্কালে পদশব্দটা এখন নিয়মিত পাওয়া যায়...।
***
‘তোমার লজ্জা হওয়া উচিৎ।’
চমকে ঘাড় ঘুরিয়ে মাকড়শাটাকে দেখতে পেল সে। ভূতুড়ে চোখ মেলে ওর দিকে চেয়ে আছে। আগের চেয়ে আকারে অনেক বড়। কালো রোমশ শরীর। বাথরুমের ঝুরঝুরে দেয়াল আঁকড়ে বসে আছে। কন্ঠটা ফের বলে উঠল, ‘নিজকে তুমি যতই সাধু মনে করো না কেন, তুমি আসলে কপট।’
‘না,’ সে বলে উঠল, ‘কেন আমি কপট হবো?’
‘কপট লোকেরা এমনি করেই সাফাই গায়,’ কন্ঠটা বলল, ‘তুমি একগুঁয়ে। নিজ স্বার্থটাই বড় করে দেখেছ তুমি। ইচ্ছে করলেই তুমি এড়াতে পারতে নাটকের এমন বিয়োগান্তক পরিণতি।’
‘এরকম নাটক তো আমি লিখিনি!’
‘কে বলল তুমি লেখনি। এখনও লিখে চলেছ। একটা ফ্যান ফেরত দিয়ে সাধু সাজছো। ভাবছো তোমার সব কালিমা মুছে যাবে তোমার লোক দেখানো সাধুগিরির আড়ালে।’
‘এসব কী কথা!’ সে বলে উঠল।
‘তোমার অহংকার। শ্বশুরকে তুমি তোয়াক্কা করোনি। স্ত্রীকে তুমি মনে করেছিলে খেলার পুতুল।’
ছিটকে বেরিয়ে আসে সে বাথরুম থেকে। দরদর করে ঘামতে থাকে। তার শখের সেওহারা নিরালা দুপুরে কটাকট শব্দে ব্যঙ্গের হাসি ছুড়ে দিল তার দিকে। ‘ঠিক-ঠিক-ঠিক’ বলে সেওহারাকে সমর্থন দিল একটা টিকটিকি।
গায়ের গেঞ্জি খুলে ছুড়ে ফেলে হাত পাখাটা টেনে নেয় সে। তার চোখের সামনে ভেসে উঠল জমাট বাঁধা রক্ত। আতঙ্কের চিৎকার বেরিয়ে আসে তার কন্ঠ চিরে। মিথিলা নামের এক নিরাকার নারীর অবয়ব দুলে ওঠে চোখের সামনে।