মিথিলা সেওহারা ও সে

চার

হাসান জাহিদ

৪৯ বার পঠিত

পুরনো দেয়ালে সেঁটে থাকা প্রাচীন সেওহারা টকটক করে চলেছে। সে ঘাড়ের নিচে ডাবল বালিশ দিয়ে ঘড়ির দিকে তাকিয়ে ছিল, টক টক শব্দ শুনছিল। অনেকক্ষণ ধরেই শায়িত সে বিছানায়। ঘরের বাতি জ্বালানো। বাতির আলো ভালো লাগছিল না; অথচ উঠে গিয়ে নেভানোর কাজটা সারতে সে কুঁড়েমি করছিল। বৃহস্পতিবার রাতে সে টিভি দেখেনা বা কোনো মুভিটুভিরও ধার ধারেনা। পরদিন অফিস বন্ধ থাকে বলে রাজ্যের আলস্য করে; আবোলতাবোল ভেবে চলে এবং বহু স্বপ্ন রচনা করে। জানালায় হামলে পড়া আম্রশাখার ফাঁকফোকর গলে নীল আকাশ দেখে। আর সন্ধ্যায় বা রাতে ট্রানজিট-যাত্রি বন্ধুর সাথে সখত্যা করে। বন্ধুটি গুরুগম্ভীর ভাবে বসে থাকে। বড় বড় দুইচোখ ঘুরায় চরকির মতো।

বড্ড গরম পড়েছে কদিন ধরে। ফুলস্পিডে ফ্যান ছেড়ে দিয়েও সে ঘরের গুমোট গরম তাড়াতে পারেনা। অনেকদিন ভেবেছে ছোটো সাইজের একটা এসি কিনবে, কিন্তু চিলেকোঠার এই প্রাচীন ঘরটাতে এসি বেমানান হবে বলে আর সেদিকে যায়নি। আরো একটা বিষয় ভেবেছে--যার বারবার বদলি হয়, তার জন্য জিনিসপত্তর বাড়ানো ঠিক না। এসির মতো ভারি বস্তু কিনে সে বোঝা বাড়াতে চায় না। তাই চিলেকোঠার ভ্যাপসা গরম সয়ে সে পার করেছে অনেকগুলো দিন। দরজা জানালা খুলে দিয়ে খালি গায়েই ঘরটায় বিচরণ করে। চিলেকোঠায় কী অবস্থায় আছে, তা দেখতে কেউ আসবে না, সুতরাং নিশ্চিন্ত মনেই সে উদোম গায়ে থাকে সে।

বন্ধের এক দুপুর বেলা। গরমের সাথে যুদ্ধ করছিল সে। হঠাৎ সশব্দে ঘরে ঢুকল তার সহকারি হাশেম শিকদার। আজদাহা এক প্যাডেস্টাল ফ্যান টেনেহিঁচড়ে ঘরের ভেতরে নিয়ে এলো। কপালের ঘাম মুছতে মুছতে বলল, ‘এই যে স্যার, নিয়ে এলাম। এই গরমে কাজে দেবে। ঠাণ্ডা হাওয়ায় ঘুমোতে পারবেন স্যার।’

দেয়ালের হ্যাঙ্গার থেকে শার্ট টেনে নিয়ে গায়ে চড়িয়ে সে বলল, ‘এটা কোত্থেকে এলো!’

‘স্যার অফিসের স্টোরে পড়ে ছিল, অনেক ধুলা আর ঝুল জমেছিল। পরিষ্কার করে তারপর চালু করলাম। হাওয়ায় একদম উড়িয়ে নিতে চায়।’

‘অফিসের জিনিস আমার বাসায় কেন!’

থতমত খেয়ে হাশেম বলল, ‘ইয়ে, না স্যার। ভাবছিলাম, পড়েই তো আছে। যদি স্যারের উপকারে আসে।’

‘অফিসের কোনো জিনিস বাসার উপকারে আসবে না। নিয়ে যান এটা। হাশেম সাহেব, আপনি লোক ভালো, আমি জানি। তাই বেশি কিছু বললাম না।’

‘জি স্যার। সরি স্যার,’ হাশেম সাহেব যেতে উদ্যত হয়।

‘আরেকটা কথা। রশিদ সাহেবকে বলবেন স্টোরের একটা ইনভেন্টরি তৈরি করে ফেলতে। কী কী জিনিস স্টোরে আছে দেখব। আর কী কী জিনিস ছিল, এখন নেই--তারও একটি আলাদা বিবরণী আমাকে দিতে বলবেন।’

‘জি স্যার, বলব।’

‘এখন আপনি আসুন।’

‘জি স্যার, এখন আমি আসছি।’

কাশির শব্দ পাওয়া গেল। দোরগোড়ায় দেখা গেল বাড়িওয়ালা কাজেম সাহেবকে। শাদা ধবধবে চুলদাড়ির এই ছিপছিপে ভদ্রলোকের চুলদাড়ি নাকি বহুবছর যাবত এমন শুভ্র আর বহুকাল যাবতই তিনি এমন বৃদ্ধ। তিনি বললেন, ‘দেখলাম একটা ফ্যান চলে গেল...।’

‘সেকেন্ড হ্যান্ড ফ্যান। পছন্দ হয়নি বলে ফেরত পাঠালাম।’

লুঙ্গি গেঞ্জি পরা বৃদ্ধ কাঁধের গামছাটা শরীরে ঘুরাতে ঘুরাতে বললেন, ‘সেকেন্ড হ্যান্ড জিনিস না কেনাই ভালো, গতবছর আমি একটা টিভি কিনেছিলাম...।’

‘আপনার শরীর ভালো তো, চাচা?’

‘আর শরীর, মেয়েটাকে নিয়ে দুঃশ্চিন্তায় থাকি। ওর একটা গতি করে যেতে পারলে...। আমার মেয়ে, ওই যে রূপসার মা। রূপসার বাবা লিভার সিরোসিসে মারা যায় দুইবছর আগে। মা-মেয়ে এখন আমার কাছে থাকে। মেয়েটা আমার বড় লক্ষ্মী, ওর কপালে আল্লাহ কেন এত দুঃখ লিখে রাখলেন...।’

বৃদ্ধ আধঘন্টা কাটালেন ওর তক্তপোষে বসে। বকবক করে গরম তাতিয়ে দিয়েছেন আরো। আকার ইঙ্গিতে আগের প্রসঙ্গ টানলেন। মাথার বারোটা বাজিয়ে দিয়ে তারপর বিদূরিত হলেন। ছিপ ফেলে দিয়ে নিদারুণ ধৈর্যসহকারে বসে আছেন বৃদ্ধ। টোপ যদি গিলে কেউ। তার টোপের লক্ষবস্তু যে চিলেকোঠার বাসিন্দা--এটা দিবালোকের মতো সত্য। রূপসাকে পঠিয়ে তারা ওর মন জয়ের প্রচেষ্টা চালাচ্ছেন। সম্ভবত রূপসা-পর্ব শেষ হলে তারা রূপসা-মাতা পর্ব শুরু করবেন। আকার ইঙ্গিতে সে শুনেছে রূপসার মাতা নাকি অতীব রূপসী। তাদের ভাবসাব দেখে বোধ হচ্ছে যে, রূপসার সাথে খাতির পর্ব যেহেতু সমাপ্ত এবং রূপসার প্রতি যেহেতু তার পিতৃসম স্নেহ উপচে পড়ছে, সেহেতু তারা অচিরেই রূপসার মাতাকে ছাতে বিচরণ করবার নিমিত্ত অনুপতিপত্র প্রদান করবেন।