ছোটো ছোটো পদশব্দে সে টের পেল রূপসা এসেছে ছাতে। আজকাল এমন অভ্যাস হয়ে গেছে, রূপসাকে একবেলা না দেখলে তার খাবার হজম হয়না। নিউমার্কেট থেকে সে একটা বার্বি-ডল কিনেছে সেদিন। রূপসা গুটি গুটি পায়ে চিলেকোঠার কক্ষে প্রবেশ করল।
‘এই যে রূপসা এসে গেছ।’
রূপসা মাথা নাড়ল। মেয়েটা কথা কম বলে। কিন্তু চোখেমুখে অনেক কিছু সে প্রকাশ করে।
‘আম্মু ভালো আছে?’ প্রথমবারের মতো সে মেয়েটাকে মায়ের কথা শুধল।
‘ভালো আছে।’
‘তুমি পুতুল পছন্দ করো?’
‘কী পুতুল?’
‘বার্বি।’
‘করি।’
‘নেবে?’
‘না।’
‘না কেন, তুমি তো পুতুল পছন্দ করো।’
‘আম্মুকে জিজ্ঞেস করব।’
‘পুতুল নিলে আম্মু রাগ করবেনা। এই নাও, এটা পছন্দ হয়?’
‘হয়।’ ছোঁ মেরে সুদৃশ্য দামি পুতুলটা কাঁখে ফেলে এক দৌড়ে নিষ্ক্রান্ত হয়ে গেল রূপসা।
সেদিকে তাকিয়ে হো হো করে হাসল সে। হাসির শব্দে একটা নেংটি ভয় পেয়ে তিড়িং তিড়িং করে পালাল। আকাশটা কালো হয়ে আসছে। বোধহয় বৃষ্টি হবে। বহু আকাক্সিক্ষত বৃষ্টি। এমনি এক মেঘকালো দিনে মুষলধারায় বৃষ্টি বিশ্ব চরাচর ভাসিয়ে দিচ্ছিল। সেই বৃষ্টিতে ভিজে, কাদাসিক্ত হয়ে হাসপাতালে পৌঁছেছিল সে। রক্তাক্ত বেডে মিথিলার দেহটা নিথর হয়ে পড়ে ছিল। মিথিলা! জলজ্যান্ত মিথিলা কেমন করে এমন রক্তসিক্ত হয়ে উঠল, কেন সে এভাবে বিদেয় জানাল পৃথিবীকে?
...মনে উঁকি দিল সেই ভয়াল কান্নাস্নাত দিনটি। তাই বৃষ্টির প্রতীক্ষায় তার আনন্দঘন ক্ষণটুকু মুহূর্তেই বিষাদে পরিণত হলো। মিথিলার এভাবে চলে যাওয়াটা আজও মেনে নিতে পারেনি তার মন। এখন মনে হয় সব ছেড়েছুড়ে দিয়ে খুলনা শহরের গোয়ালঘর ও হাঁসমুরগি সমৃদ্ধ গোলপাতার ছাউনির কুটিরে সে আর মিথিলা সারাজীবন কাটিয়ে দিতে পারত। সে চাকরি ছেড়ে দিত, সামান্য রোজগার করে মিথিলাকে নিয়ে পর্ণকুটিরে দিব্যি কাটিয়ে দিত। মিথিলা কেন বলেছিল সে অ্যাক্সিডেন্টে মরে যাবে? সে জানত!
পার্সের ভেতরে মিথিলার ছবিটা ওকে বড্ড কষ্ট দেয়। তবু সে সেটা পকেটে ধারণ করে। ওরা সুখের সংসার পাতলে রূপসার মতো একটি মেয়ে থাকত। দুধেল গাই, হাঁসমুরগি ও সব্জিবাগান থাকত। কাজের লোক থাকত। মিথিলা আর সে হেসেখেলে বেড়াত। সেই সুখটুকু তো খুব দূরে ছিলনা। সেই তো সে ফিরে এলো খুলনায়।
শ্বশুর হঠাৎ ইন্তেকাল করলেন। মিথিলার খালা এসে বোনঝিকে ঢাকায় নিয়ে নিজের কাছে রাখলেন। ততদিনে সে বদলি হয়ে খুলনায় এসে রেস্টহাউসে উঠল। সুখবরটা দিল মিথিলাকে। মিথিলা তখনই রওনা দিতে চাইল, সে বলেছিল সে নিজে ঢাকায় গিয়ে ওকে নিয়ে আসবে। কিন্তু মিথিলা শোনেনি কারুর কথা। মিথিলা হু হু করে কাঁদছিল আর বলছিল--‘তুমি তখন রাজি হলে আজ বাবা বেঁচে থাকতেন। তোমার মানসম্মানের কিচ্ছুটি হতোনা আমাদের বাড়িতে এসে সংসার পাতলে। আমরা তো সেভাবে চিন্তা করে তোমাকে প্রস্তাব দিইনি...।’
‘ঠিক আছে, আগে আমি ঢাকায় আসি তো তোমাকে নিয়ে আসতে, তারপর যত খুশি বোকো আমাকে।’
কিন্তু শোনেনি মিথিলা। পরদিনই বাসের টিকিট কেটে একা রওনা দিল। ফুলতলার কাছাকছি এসে বাসটা নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। চারজন স্পট ডেড, সাতজন গুরুতর আহত হয়েছিল। এদের মধ্যে মিথিলা একজন। মিথিলা এক রাত যুঝে পরদিন ভোরে পরপারে পাড়ি দেয়। বাসের বেঁচে যাওয়া যাত্রিরা ঢাকা থেকে রওনা দেবার পর থেকে দক্ষ ড্রাইভারের প্রশংসা করছিল। এত মসৃণভাবে সে বাস চালিয়ে আসছিল যে, নিয়মিত কয়েকজন যাত্রি সেই বাস ড্রাইভারের নাম জেনে নিয়েছিল সুপারভাইজারের কাছে যাতে পরবর্তীতে তাদের যাতায়াতের সময় তারা যেন এই ড্রাইভারের নির্ধারিত বাসটায় উঠতে পারে।
পারিবারিক কবরস্থানে বাবা ও মা’র কবরের পাশে চিরশায়িত হলো তাঁদের মেয়ে--তার সহধর্মিনী, তার মিথিলা। কবরস্থানে সে একদিনই গিয়েছিল; যেদিন মিথিলা চিরশয্যা পেতেছিল। আর যায়নি সে ভেতরটা টনটনিয়ে ওঠে বলে। এরপর সে রেস্টহাউসের কোলাহলপূর্ণ পরিবেশ ছেড়ে উঠল নিরিবিলি এক চিলেকোঠায়।